চন্দরের ‘মুসাফির ক্যাফে’ এবার হাতেনাতে! হিমাচল-উত্তরাখণ্ডে নতুন ক্যাফে ও হোমস্টে গড়ে তুলছেন কোন বলিউড তারকা?

পর্দায় নয়, পাহাড়ে এবার ঘোর বাস্তব! জনপ্রিয় সিরিজের থিমেই বাস্তবের মাটিতে ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি

নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল বিক্রান্ত ম্যাসি অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। নিয়মমাফিক চাকুরিজীবী এক সাধারণ তরুণ ‘চন্দর’-এর পাহাড়ে গিয়ে নিজের একটি ছোট্ট ক্যাফে খোলার স্বপ্ন এবং তার জীবনের নানা টানাপোড়েন নিয়েই তৈরি হয়েছিল এই গল্প। তবে এবার আর শুধু পর্দার গল্পে আটকে থাকছে না তা, বরং বাস্তবের মাটিতেই রূপ নিতে চলেছে সেই কাল্পনিক ‘মুসাফির ক্যাফে’।

কোথায় গড়ে উঠছে এই ক্যাফে ও হোমস্টে?

সিরিজের সেই জনপ্রিয় থিমকে পাথেয় করেই এবার রিয়েল লাইফে আস্তানা বাঁধছেন পর্দার ‘চন্দর’ তথা অভিনেতা বিক্রান্ত ম্যাসি। দর্শকদের চাহিদাকে মাথায় রেখে পাহাড়ি এলাকার সৌন্দর্যের কথা মাথায় রেখে একেবারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড— এই দুই মনোরম রাজ্যে দুটি নতুন ক্যাফে খোলার পরিকল্পনা নিয়েছেন তিনি।

তবে শুধু ক্যাফে খুলেই থেমে থাকছেন না অভিনেতা। সিরিজের গল্পের সঙ্গে মিল রেখেই ওই ক্যাফেগুলির সঙ্গেই প্রায় ২০টি ঘরের একটি সুদৃশ্য হোমস্টে গড়ার কাজও শুরু করে দিয়েছেন তিনি। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তের সৃজনশীল শিল্পীরা যাতে সেখানে এসে শান্ত পরিবেশে নিজেদের মতো করে কাজ করতে পারেন, সেই কথাও মাথায় রাখা হয়েছে। পর্দায় দেখা সেই কাল্পনিক ‘মুসাফির ক্যাফে’-র আদলেই বাস্তবের পাহাড়ের কোলকে নতুনভাবে সাজিয়ে তুলতে চলেছেন বিক্রান্ত, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *