জেলের বাইরে আসতেই চরম বিপত্তি! ভিনরাজ্যে বড় অপরাধের ছক কষতেই কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কুখ্যাত গ্যাংস্টারের ভাইকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশের একটি বিশেষ দল ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে এই চাঞ্চল্যকর গ্রেফতারি সম্ভব হয়েছে। ধৃত ব্যক্তির নাম বান্টি খান, যিনি বিদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদেশে পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই এই বান্টি খান। সংযুক্ত আরব আমিরশাহীতে বসে দাদা প্রিন্স যে তোলাবাজি এবং অপরাধের সাম্রাজ্য চালাচ্ছিল, তার সঙ্গে বান্টিও ওতপ্রোতভাবে যুক্ত ছিল। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন এবং তোলাবাজির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে ২০২২ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি ও তার দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই মামলায় প্রায় চার বছর জেল খাটার পর চলতি বছরের জানুয়ারি মাসেই জামিনে মুক্তি পায় সে।
রবিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল পাসপোর্ট ও ভুয়া নথিপত্রের সাহায্যে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে থাকা ভাইয়ের কাছে পৌঁছানোর ছক কষেছিল বান্টি। কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ধানবাদ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। গ্রেফতারির পর তাকে তড়িঘড়ি ধানবাদে নিয়ে যাওয়া হয়েছে। ধানবাদের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, অপরাধ জগতের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের মনে চলা আতঙ্ক দূর করতে প্রশাসন যে কঠোর অবস্থানে রয়েছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট বার্তা।