রেজিনগরে নয়, নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক নওশাদদের! হাইভোল্টেজ উপনির্বাচনে আইএসএফ প্রার্থী করলেন কাকে?

রাজ্য রাজনীতিতে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগেই আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, রেজিনগরে তাঁরা প্রার্থী দেবেন না, তবে নন্দীগ্রামে ঠিকই লড়বে দল। সেই কথা রেখেই আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য আইএসএফ প্রার্থী হিসেবে মহম্মদ সবে মিরাজ আলি খানের নাম ঘোষণা করল। ইতিমধ্যেই তিনি নিজের মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

কে এই মহঃ সবে মিরাজ আলি খান?

রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রাম অঞ্চলে মিরাজ আলি খান যথেষ্ট পরিচিত মুখ। অতীতে ঐতিহাসিক জমি আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, বিগত সরকারের আমলেও বিভিন্ন সরকারবিরোধী আন্দোলনের অন্যতম চেনা মুখ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর এবং রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত হাঁসদা।

মনোনয়নপত্র জমা দিয়ে মিরাজ আলি খান হুংকার ছেড়ে জানান, এই লড়াই মূলত বিজেপির বিরুদ্ধে এক জোরদার লড়াই হতে চলেছে। অন্যদিকে, আইএসএফ নেতা নাসিরুদ্দিন মীর দাবি করেছেন যে, নন্দীগ্রামে তাঁদের লড়াকু প্রার্থী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে ময়দানে লড়াই চালাবেন এবং বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট করবেন।

আগামী ৬ অক্টোবর হাইভোল্টেজ ভোট

আগামী মাসের ৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তাপমাত্রা চড়ে উঠেছে। আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আগেই রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন, ফ্যাসিস্ট শক্তিকে রুখতে যেন সাধারণ মানুষ আইএসএফ প্রার্থীর পক্ষেই রায় দেন। একদিকে যখন এই লড়াই জমে উঠেছে, ঠিক তখনই এই একই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। সব মিলিয়ে, উপনির্বাচনের আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *