‘তুমি ৫ হাজার হারিয়েছ, তবে ৫০০ কোটি কামাবে!’ শাহরুখ খানের সেই কঠিন দিনে ঠিক কী বলেছিলেন এক ফকির?

বলিউডের বাদশাহ হওয়ার অনেক আগের কথা। তখন তিনি ভারতীয় সিনেমায় নিজের পা শক্ত করার চেষ্টা করা এক সাধারণ তরুণ মাত্র। গুরুতর অসুস্থ মাকে নিয়ে আজমেীর শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন শাহরুখ খান। দীর্ঘ বছর পর এক সাক্ষাৎকারে সেই সফরের এক অদ্ভুত ও রোমহর্ষক স্মৃতির কথা শেয়ার করেছিলেন অভিনেতা, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে।
কী ঘটেছিল আজমেীর শরিফে?
২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারের সময় একটি পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ জানান, তাঁর মা লতিফ ফাতিমা খান অত্যন্ত অসুস্থ থাকায় তিনি চাদর চড়াতে ও মায়ের সুস্থতার প্রার্থনা করতে আজমেীর শরিফে গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁর মা সযত্নে তাঁকে ৫ হাজার টাকা দিয়েছিলেন সুরক্ষিত রাখার জন্য। কিন্তু সেখানে গিয়ে হঠাৎই শাহরুখ লক্ষ করেন যে টাকাগুলো হারিয়ে গেছে এবং তিনি মরিয়া হয়ে তা খুঁজতে শুরু করেন।
ঠিক সেই মুহূর্তে দরগার এক ফকির তাঁর কাছে এসে জানতে চান যে তিনি কিছু হারিয়েছেন কি না। শাহরুখ হ্যাঁ বলতেই সেই ফকির নির্দিষ্ট করে বলেন যে তাঁর ৫ হাজার টাকাই হারিয়েছে! অভিনেতা অবাক হয়ে ভাবেন যে ওই ব্যক্তি বিষয়টি কীভাবে জানলেন। এরপর সেই ফকির তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, “তুমি এখানে এসেছ, খালি হাতে ফিরবে না। তোমার ৫ হাজার টাকা হারিয়েছে ঠিকই, কিন্তু তুমি একদিন ৫০০ কোটি টাকা আয় করবে।”
‘বিশ্বাস না করলেও, তাঁর কথাই সত্যি হয়েছিল’
প্রাথমিকভাবে এই ধরনের ভবিষ্যৎ বাণীতে বিশ্বাস না করলেও পরবর্তীকালে সেই ঘটনা সত্য প্রমাণিত হয় বলে জানান অভিনেতা। তিনি বলেন, “মাঝে মাঝে আমরা শিক্ষিত মানুষরা এইসবে বিশ্বাস করতে চাই না। কিন্তু এই ঘটনাটি আমার সঙ্গেই ঘটেছিল। তিনি একদম সঠিক ছিলেন। আজমেীর শরিফের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।” তবে টাকার অঙ্ক বা কোটিপতি হওয়ার চেয়েও মায়ের সঙ্গে কাটানো সেই স্মৃতির মূল্য তাঁর কাছে অনেক বেশি বলে জানান কিং খান। ১৯৯১ সালে তাঁর মায়ের প্রয়াণের পর আজকের এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে মায়ের এবং সেই পবিত্র জায়গার আশীর্বাদই জড়িয়ে রয়েছে বলে মনে করেন শাহরুখ খান।