মিষ্টিমুখ হবে জমজমাট! ঘরেই এই সহজ উপায়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা ছানার জিলিপি

মিষ্টিপ্রিয় বাঙালিদের কাছে পছন্দের মিষ্টির তালিকাটা সবসময়ই বেশ লম্বা। বাঙালির যেকোনো উৎসব-পার্বণ কিংবা ছোটখাটো আনন্দ অনুষ্ঠান যেন রসগোল্লা বা পান্তুয়ার মতো জনপ্রিয় মিষ্টি ছাড়া সম্পূর্ণই হতে চায় না। আর এই সমস্ত ঐতিহ্যবাহী মিষ্টির তালিকার অন্যতম সেরা আকর্ষণ হলো জিভে জল আনা ‘ছানার জিলিপি’। সাধারণ ময়দার জিলিপির চেয়ে এর স্বাদ ও গঠন একেবারে আলাদা। তবে আর দোকান থেকে কিনে খাওয়ার অপেক্ষা নয়, খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু মিষ্টি। দেখে নিন ছানার জিলিপি তৈরির সহজ ও সুস্বাদু রেসিপি।
ছানার জিলিপির প্রয়োজনীয় উপকরণ:
ছানা – ১ কাপ
ময়দা – ১/৪ কাপ
গুঁড়ো দুধ – ১/৩ কাপ
বেকিং পাউডার – ১/৪ চা চামচ
চিনি – ২ কাপ
এলাচ – ২টি
ঘি – ২ টেবিল চামচ
সাদা তেল – ১ কাপ
খোয়া ক্ষীর – ১ টেবিল চামচ
ছানার জিলিপির সহজ প্রণালী:
প্রথমে ছানার থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তা একটি পাত্রে ভালো করে মেখে নিতে হবে। এরপর সেই জলো বা মাখা ছানার মধ্যে গুঁড়ো দুধ, ময়দা এবং বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ভালো করে মাখতে হবে। এই মিশ্রণে ১ চামচ ঘি মিশিয়ে নিয়ে প্রায় দশ মিনিট ঢেকে রেখে দিতে হবে।
এর পর মেখে রাখা মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে লম্বা করে সেগুলিকে ঘুরিয়ে নিখুঁত জিলিপির আকার দিতে হবে। কড়াইতে পরিমাণমতো সাদা তেল বা ঘি গরম করে একেবারে কম আঁচে একে একে জিলিপিগুলি হালকা বাদামি করে ভেজে তুলে নিন।
অন্য একটি কড়াইতে চিনির রস তৈরি করে তার মধ্যে কয়েকটি এলাচ থেঁতো করে দিয়ে দিন। জিলিপিগুলি ভাজা হয়ে গেলে সরাসরি সেই গরম চিনির রসে ফেলে দিন। রসে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে সুস্বাদু ও রসালো ছানার জিলিপি।