বাঁকা চাঁদের গায়ে জ্বলজ্বল করছে উজ্জ্বল মণি! ডুয়ার্সের আকাশে কোন মহাজাগতিক দৃশ্য দেখে চোখ জুড়াল সবার?

মালবাজার-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ আকাশে সোমবার সন্ধ্যায় এক মনোমুগ্ধকর ও নজরকাড়া মহাজাগতিক দৃশ্য দেখতে পেলেন সাধারণ মানুষ। সন্ধ্যার সময় আকাশের বুকে সরু বাঁকা চাঁদের ঠিক উপরে একটি অত্যন্ত উজ্জ্বল আলোকবিন্দু নজরে আসে। দূর থেকে দেখে মনে হচ্ছিল, যেন ওই বাঁকা চাঁদের গায়ে কেউ কোনো উজ্জ্বল মণি বসিয়ে দিয়েছে। এই বিরল ও সুন্দর দৃশ্য দেখতে সন্ধ্যার আকাশের দিকে চোখ রাখেন অগণিত মানুষ। মোবাইলের ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে করতে মালবাজারের তরুণ অনিল শাহ বলেন, “একেবারে নতুন অভিজ্ঞতা, এমন ছবি আগে কখনও আকাশে দেখিনি।”
শুক্র গ্রহ ও চন্দ্র-শুক্র সংযোগের আসল রহস্য
শুধু মালবাজার বা ডুয়ার্সই নয়, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও সাধারণ মানুষ খালি চোখে এই দৃশ্য উপভোগ করেছেন। তবে জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করে দিয়েছেন যে, চাঁদের পাশে জ্বলজ্বল করা ওই আলোকবিন্দুটি কোনো নক্ষত্র বা তারা নয়। সেটি আসলে আমাদের সৌরমণ্ডলের অন্যতম গ্রহ—শুক্র। সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে পৃথিবী থেকে শুক্র গ্রহকে সবসময়ই অত্যন্ত উজ্জ্বল দেখায়। আর আকাশে চাঁদের খুব কাছাকাছি এই গ্রহটির অবস্থানই এক অসাধারণ দৃশ্যের আবহ তৈরি করেছিল।
বিজ্ঞানীদের মতে, চাঁদ ও শুক্রের এমন কাছাকাছি অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘চন্দ্র-শুক্র সংযোগ’ (Moon-Venus Conjunction) বলা হয়। বিরল এই মহাজাগতিক মুহূর্ত স্বাভাবিকভাবেই প্রকৃতিপ্রেমী ও আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
কুসংস্কারের কোনো স্থান নেই, সাফ কথা বিজ্ঞানীদের
অ্যাসট্রোফিজিক্সের গবেষক সাগর দে এই বিষয়ে জানান, এমন ঘটনা আসলে প্রতি মাসেই একবার করে নিয়ম মেনে ঘটে থাকে। কিন্তু চাঁদের অবস্থান, আলোর বিচ্ছুরণ, আকাশের মেঘের উপস্থিতি এবং দৃশ্যমানতার মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করায় এই ঘটনা সবসময় আমাদের খালি চোখে পড়ে না।
তিনি আরও বলেন, “খালি চোখে দেখলে মনে হতে পারে চাঁদ যেন শুক্রের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কিন্তু বাস্তবে চাঁদ ও শুক্রের মধ্যে দূরত্ব কয়েক কোটি কিলোমিটার। একই সরলরেখায় অবস্থানের জন্যই এই মহাজাগতিক দৃশ্য আমরা দেখতে পাই, যার সঙ্গে কোনো ধরনের কুসংস্কার বা ভাগ্যচক্রের কোনো যোগ নেই।”
কারণ যাই হোক না কেন, ডুয়ার্সের নির্মল ও পরিষ্কার আকাশে চাঁদের পাশে শুক্রের এই উজ্জ্বল উপস্থিতি সন্ধ্যার আকাশকে মুহূর্তের মধ্যে আরও বেশি মোহময় করে তুলেছিল। আর সেই অপরূপ দৃশ্য ক্যামেরা বন্দি করতে খালী মাঠ ও বাড়ির ছাদে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।