UPI লেনদেনে বড় স্বস্তি! ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টে কি আর কোনো চার্জ লাগবে না? জানাল কেন্দ্র

ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সোমবার একটি সরকারি নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হলো, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা মার্চেন্ট—কাউকেই কোনো প্রকার অতিরিক্ত মাশুল বা চার্জ দিতে হবে না। একইসঙ্গে ব্যাঙ্ক এবং সমস্ত পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও এই ফি উসুলে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু ইউপিআই নয়, একই নিয়ম বহাল থাকছে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা ছোট লেনদেনের ক্ষেত্রেও।

জল্পনা ও বিতর্কের অবসান
সম্প্রতি সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ বসানো হতে পারে বলে দেশজুড়ে নানা বিতর্ক ও জল্পনা শুরু হয়েছিল। বিলে ভবিষ্যতে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপগুলিকে সার্ভিস চার্জ নেওয়ার অনুমতি দেওয়ার সংস্থান থাকায় সরব হয়েছিল বিরোধী দলগুলি। যদিও সেই বিতর্কের আবহে আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করেছিলেন যে, সাধারণ লেনদেনকারীর ওপর কোনো বাড়তি আর্থিক বোঝা চাপানো হবে না। অবশেষে সোমবার অর্থ মন্ত্রকের সরকারি বিজ্ঞপ্তিতে সেই আশঙ্কাই সম্পূর্ণ দূর হলো।

অর্থনীতির গতি এবং সাধারণ মানুষের লাভ
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০২৫-২৬ অর্থবর্ষেই দেশে ২৪ হাজার কোটিরও বেশি বার ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে, যার মোট অর্থমূল্য ছাড়িয়ে গিয়েছে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা। আর্থিক বিশেষজ্ঞদের মতে, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে দেশের কোটি কোটি ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ইউপিআই ব্যবহারকারী মারাত্মকভাবে উপকৃত হবেন, যা ভারতে ক্যাশলেস অর্থনীতিকে আরও দৃঢ় করতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *