‘জগদীশের চামড়া তুলে দেব…’ সিতাইয়ের সাংসদের বাড়ির সামনে চরম বিক্ষোভে তুলকালাম!

তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI) শিবিরে নাম লেখানোর পর থেকেই চরম রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে সিতাইয়ের সাংসদ জগদীশ বসুনিয়া। পুজোয় ১৭ জন সাংসদ সহ বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উসকে দেওয়ার পর থেকেই একের পর এক বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এবার সিতাইয়ে তাঁর নিজের বাড়ির সামনে আরও একবার তীব্র বিক্ষোভ ও স্লোগান তুলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে সাংসদের বাসভবনের চারপাশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ।

‘জগদীশের চামড়া, তুলে দেব আমরা…’
রবিবার ভোর ৫টায় দীর্ঘ চার মাস পর পুলিশি নিরাপত্তায় নিজের বাড়িতে ফিরেছিলেন জগদীশ বসুনিয়া। আর বাড়ি ফেরার পর থেকেই শুরু হয় একের পর এক বিক্ষোভ। সোমবার সন্ধ্যায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাংসদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, “জগদীশের চামড়া, তুলে দেব আমরা…”।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, দলবদল করে বিজেপিতে যাওয়ার কথা বললেও এলাকার সাধারণ মানুষের ওপর অতীতে যে অত্যাচার চালানো হয়েছে, তার জবাবদিহি করতে হবে। এক বিক্ষোভকারী সাফ জানান, “উনি বিজেপিতে আসতে চান ভালো কথা, কিন্তু সিতাইয়ের মানুষের কাছে যে পাপ করেছেন, আগে তা ধুয়ে আসুন। সাধারণ মানুষের ওপর অত্যাচারের ক্ষমা চাইতে হবে।”

বারবার বিক্ষোভের জেরে বাড়ছে রাজনৈতিক চাঞ্চল্য
এর আগে সিতাইয়ের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। দফায় দফায় সাংসদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। কেন বারবার তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

উল্লেখ্য, জগদীশ বসুনিয়া নিজেই দাবি করেছেন যে তিনি সহ ১৭ জন এনসিপিআই সাংসদ পূজার পর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। যদিও বাকি সাংসদরা এই বিষয়ে এখনও মুখ খোলেননি। এদিকে দলবদল ও পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনার মাঝে সিতাইয়ে সাংসদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *