এ কেমন ঘি! বোতল সমেত পুরো মাল তুলে নিয়ে গেল খাদ্য দফতর! নদিয়ায় ভেজাল কারবারে ধুন্ধুমার!

রাজ্যজুড়ে পচা খাবার, খাবারে পোকা কিংবা ভেজাল পণ্যের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে খাদ্য দফতর। রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টির দোকানের পর এবার সরাসরি নকল ও ভেজাল ঘিয়ের কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ময়দানে নামল পুলিশ ও প্রশাসন। সোমবার নদিয়ার ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালাল ডিইবি (Enforcement Branch), ফুড সেফটি আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ।

সূত্রের খবর, এ দিন বুইচা ঘোষপাড়া এলাকার বেশ কিছু ঘি ব্যবসায়ীর বাড়িতে আচমকা হানা দেন আধিকারিকরা। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘিয়ের গুণগত মান পরীক্ষা করা হয় এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে পুরো বোতল সমেত বাজোপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত নমুনাগুলির ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। এ দিন তল্লাশির সময় এক আধিকারিককে কঠোর নির্দেশ দিয়ে বলতে শোনা যায়, স্বাস্থ্যবিধি মেনে গ্লাভস পরেই যেন ঘি প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, রাজ্যে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের গুণগত মান রক্ষায় ইতিমধ্যেই একাধিক জায়গায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। বহু জায়গায় নমুনা সংগ্রহের পাশাপাশি ভেজাল খাবার বাজারজাত করার অভিযোগে কয়েকটি দোকান সিলও করে দেওয়া হয়েছে। তবে ফুলিয়ায় এই আকস্মিক অভিযানকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *