তিনটে আইসিসি ট্রফি জয়ী মাহিই সেরা! আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তিদের পেছনে ফেলে কাকে মুকুট পরালেন ‘দ্য ওয়াল’?

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা আন্তর্জাতিক অধিনায়ক কে? সম্প্রতি এক কঠিন ও টানটান র‍্যাপিড ফায়ার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা সফল কোচ রাহুল দ্রাবিড়। বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৫০৯টি ম্যাচ খেলা এবং ২৪,২০৮ রানের মালিক দ্রাবিড় এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বাঘা বাঘা অধিনায়কের মধ্যে থেকে বেছে নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকেই।

ওই র‍্যাপিড ফায়ার রাউন্ডে বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্রেম স্মিথ, মাইকেল ক্লার্ক থেকে শুরু করে প্যাট কামিন্সের মতো বিশ্বজয়ী অধিনায়কদের পেছনে ফেলে এগিয়ে যান স্টিভ স্মিথ। তবে চ্যালেঞ্জ যত এগোতে থাকে, ততই কঠিন হতে থাকে দ্রাবিড়ের পছন্দের পরীক্ষা। এক পর্যায়ে স্টিভ স্মিথকে হারিয়ে এগিয়ে যান অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিং অ্যালান বর্ডারকে হারালেও শেষ পর্যন্ত স্টিভ ওয়ার কাছে পরাস্ত হন। এরপর স্টিভ ওয়ার বিরুদ্ধে বিরাট কোহলিকে বেছে নিলেও, পরের ধাপে সেই কোহলিকে টপকে যান পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খান।

তবে এই তালিকার সবচেয়ে আকর্ষক ও প্রতীক্ষিত লড়াইটি ছিল ইমরান খান বনাম মহেন্দ্র সিং ধোনির মধ্যে। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে এই মহারণে দ্রাবিড় বেছে নেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকেই। এমনকি ফাইনাল ধাপে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডকেও পেছনে ফেলে ধোনিকেই সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেন ‘দ্য ওয়াল’। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেটে এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনির ঝুলিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো তিনটি ঐতিহাসিক আইসিসি ট্রফি। আর এই অনন্য সাফল্যের কারণেই সমস্ত কিংবদন্তিকে পেছনে ফেলে মাহিকেই সর্বকালের সেরা অধিনায়কের মুকুট পরালেন রাহুল দ্রাবিড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *