মাটি খুঁড়লেই বোঝা যাচ্ছে টাকার পাহাড়! বালতি বালতি কয়েন ও ক্যাশের সঙ্গে যা মিলল, তা দেখলে চোখ কপালে উঠবে!

চোরেরা মাটি খুঁড়ে চুরি করতে আসে—এমন গল্প হামেশাই শোনা যায়। কিন্তু আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় যা ঘটল, তা সিনেমাকেও হার মানায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ যা উদ্ধার করল, তা দেখে তাজ্জব বনে গিয়েছেন খোদ তদন্তকারীরাও। মাটির নিচ থেকে বালতি বালতি ক্যাশ টাকা এবং বিপুল পরিমাণ গাজা উদ্ধার ঘিরে এখন গোটা শহরজুড়ে চরম চাঞ্চল্য ও শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যনগর এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরে রমরমিয়ে অসাধু কারবার চালাচ্ছিল দুই ভাই-বোন। গোপন মারফত খবর পেয়ে এদিন আচমকাই ওই বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির ভেতরে তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশকর্মীদের। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তা ও বালতি ভর্তি টাকা। খুচরো কয়েন থেকে শুরু করে ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল—কী নেই তাতে! সব মিলিয়ে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০ টাকা। শুধু তাই নয়, টাকার পাহাড়ের পাশাপাশি ওই বাড়ি থেকে প্রায় সাড়ে ছ’কেজি গাজাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই দুই ভাই-বোন দীর্ঘদিন ধরেই নানা অসাধু উপায়ে এই বিপুল পরিমাণ টাকা কামাচ্ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেতেই অভিযুক্ত চিনু বলের ভাই বাবন বল ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশি হানায় এই মাটির নিচের টাকার সাম্রাজ্য ও অবৈধ কারবারের পর্দাফাঁস হতেই এলাকা জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।