ক্যাশ অন ডেলিভারিতে খাবার অর্ডার করলেই অতিরিক্ত পকেট খালি! জোমাটোর এই নতুন নিয়মে মাথায় হাত গ্রাহকদের!

অনলাইন খাবার ডেলিভারির ক্ষেত্রে খরচ আরও বাড়তে চলেছে গ্রাহকদের। জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো (Zomato) এবার ক্যাশ অন ডেলিভারি (Cash-on-Delivery বা COD) অর্ডারের ক্ষেত্রে একটি নতুন এবং আলাদা চার্জ বা শুল্ক আরোপ করা শুরু করেছে। শনিবার কোম্পানির অ্যাপে এই নতুন নিয়মের বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রাহকদের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে।
কোম্পানির অ্যাপ পরীক্ষা করে দেখা গেছে, গ্রাহকরা যখনই খাবার অর্ডার করার সময় নগদ অর্থে মূল্য পরিশোধ করার বিকল্পটি বেছে নিচ্ছেন, তখনই বিলের সঙ্গে ‘পে অন ডেলিভারি ফি’ (Pay on Delivery Fee) নামে একটি অতিরিক্ত চার্জ যোগ হচ্ছে। তবে এই চার্জের পরিমাণ সমস্ত অর্ডারের জন্য এক নয়। অর্ডারের মূল্য, লোকেশন বা অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এই অতিরিক্ত ফী ভিন্ন ভিন্ন হতে পারে বলে জানা গেছে। এই নতুন চার্জ চালুর বিষয়ে জোমাটোর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
অন্যদিকে, জোমাটোর প্রধান প্রতিপক্ষ সুইগি (Swiggy) এখনও পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেয় না। এমনিতেই প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জ এবং প্যাকিং চার্জের মতো নানা খরচের কারণে খাবার অর্ডার করা ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছিল। এর ওপর ক্যাশ অন ডেলিভারিতে নতুন এই ফী যুক্ত হওয়ায় মধ্যবিত্তের পকেটে যে চাপ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।