‘আমাদের অবস্থাও চিন্ময় প্রভুর মতোই হতো!’ গণেশ পুজোর মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর!

শনিবার কেষ্টপুরে একটি গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে ওপার বাংলার সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওপার বাংলার সাম্প্রতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি দাবি করেন, সঠিক সময়ে পরিবর্তন না হলে এ রাজ্যের অবস্থাও চিন্ময় প্রভুর মতোই হতে পারত।
এদিন গণেশ পুজোর মঞ্চ থেকে সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং এটি মূলত বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। ওপার বাংলার সনাতনীদের ওপর চলা নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই জল নাড়িয়ে দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি নিজের পরিবারের অতীত স্মৃতির কথা টেনে তিনি জানান, তাঁর মাকেও একসময় পিতার হাত ধরে ওপার বাংলা ছেড়ে চলে আসতে হয়েছিল। বাঙালি হিন্দুর সেই ঐতিহ্য ও পরম্পরা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।
পাশাপাশি, বাম আমলের প্রসঙ্গ টেনে সিপিআইএমকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩৪ বছরের লাল রাজত্বে প্যান্ডেলের বাইরে লাল শালু টাঙিয়ে বসা হলেও সেখানে স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের কোনো বই থাকত না, উল্টে থাকত কার্ল মার্কসের বই। অতীতে পুজোয় নানা বিধিনিষেধ আরোপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অষ্টমীর দিনে মদ বিক্রি বন্ধ রাখা সহ প্রাচীন সেই সমস্ত পরম্পরা ও সংস্কৃতি ফিরিয়ে আনার কাজ সকলকে একসঙ্গে করতে হবে।
সবশেষে সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গণপতি বাপ্পা সব সনাতনীদের। দুর্গাপূজা সবার ও ছট পুজোও সবার। আমরা সবাই হিন্দুস্তানি।’’ পুজোর আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।