‘তুমি তোমার প্রেমিকের সঙ্গেই সুখে থাকো…!’ সংসার ছেড়ে চলে যাওয়া স্ত্রীর বিয়ে নিজেই দিলেন জওয়ান স্বামী!

স্ত্রী প্রাক্তন প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে চলে যাওয়ার পর যেখানে অনেকেই কোর্ট-কাছারি বা অশান্তির পথ বেছে নেন, সেখানে একেবারে অন্য পথ ধরে এক অনন্য নজির গড়লেন উত্তরপ্রদেশের এক পিআরডি জওয়ান। স্ত্রীর মনের ইচ্ছাকে সম্মান জানিয়ে নিজে সামনে দাঁড়িয়ে প্রাক্তনের সঙ্গে তাঁর বিয়ে দিয়ে দিলেন ওই যুবক। উত্তরপ্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ঘটনার সূত্রপাত প্রায় এক বছর আগে। পরিবারের চাপে পড়ে লখনউয়ের মালিহাবাদের ওই তরুণী এক পিআরডি জওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের পরেও স্কুল জীবনের সেই পুরনো প্রেম তিনি ভুলতে পারেননি। কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে আচমকাই শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের হাত ধরে হারদোই চলে যান ওই তরুণী।
পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশি তদন্তে তরুণীর খোঁজ মেলে এবং তাঁকে উদ্ধার করা হয়। এরপর উভয় পরিবারকে নিয়ে এক মীমাংসা বৈঠক বসে। সেই বৈঠকেই তরুণী সাফ জানিয়ে দেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করবেন না, বাকি জীবন প্রাক্তনের সঙ্গেই কাটাতে চান।
স্ত্রীর এই কঠোর সিদ্ধান্তের পর তাঁকে জোর করে আটকে না রেখে এক মহৎ সিদ্ধান্ত নেন জওয়ান স্বামী। উভয় পক্ষের সম্মতি ও সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্থানীয় একটি মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে তরুণী ও তাঁর প্রেমিকের বিয়ের ব্যবস্থা করেন তিনি। হিন্দু রীতি মেনে সাতপাক ঘুরে নতুন জীবন শুরু করেন সেই জুটি। শুধু তাই নয়, নিজের হাতে স্ত্রীকে প্রাক্তনের হাতে তুলে দিয়ে পরম স্নেহে বিদায় জানান ওই স্বামী। রাগ বা প্রতিশোধের বদলে স্ত্রীর খুশির কথা চিন্তা করে নেওয়া এই বিরল সিদ্ধান্ত এখন সকলের প্রশংস কুড়াচ্ছে।