পুজোয় ডবল ধামাকা! মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা কি তবে এই সপ্তাহেই?

উৎসবের মরসুম শুরু হতেই মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী। জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলা পরবর্তী ডিএ বৃদ্ধির দিকেই এখন সকলের নজর। চলতি বছর অক্টোবর মাসেই উৎসবের আবহ থাকায়, সরকার পুজোর আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সাধারণত কেন্দ্রীয় সরকার জুলাই থেকে কার্যকর হওয়া মহার্ঘ ভাতার ঘোষণা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে করে থাকে। ফলে এবারও সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের ক্যাবিনেট বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত আসার জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও শারদোৎসব বা নবরাত্রির সময়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, দীপাবলির আগে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে আশা করছেন অনেকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘোষণা যেদিনই আসুক না কেন, নতুন ডিএ-র হার কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকেই। অর্থাৎ, ঘোষণা কিছুটা দেরিতে হলেও কর্মচারীরা জুলাই মাস থেকেই বর্ধিত ডিএ-র বকেয়া বা বকেয়া মহার্ঘ ভাতার (Arrears) পুরো টাকাটাই হাতে পাবেন। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, লেবার ব্যুরো প্রকাশিত জুলাই মাসের অল ইন্ডিয়া কনজউমার প্রাইস ইনডেক্স-ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) বা খুচরা মূল্যসূচক ১৫৩.২ পয়েন্টে পৌঁছেছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে বিশেষজ্ঞদের প্রাথমিক হিসাব বলছে, বর্তমান ৬০ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে ৬৪ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এটি সম্পূর্ণ সম্ভাব্য হিসাব, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন মিললেই তবেই চূড়ান্ত হার জানা যাবে। ডিএ ৪ শতাংশ বাড়লেই যে মোট বেতন একলাফে অনেকটা বেড়ে যাবে, বিষয়টি এমন নয়। কারণ ডিএ সবসময় মূল বেতন বা বেসিক স্যালারির (Basic Salary) ওপর হিসাব করা হয়। উদাহরণস্বরূপ, কোনো কর্মীর মূল বেতন যদি ৩০,০০০ টাকা হয়, তবে ৬০ শতাংশ হারে তিনি বর্তমানে ১৮,০০০ টাকা ডিএ পান। সেটি বেড়ে ৬৪ শতাংশ হলে সেই অঙ্ক দাঁড়াবে ১৯,২০০ টাকা। অর্থাৎ, শুধুমাত্র ডিএ বাবদ প্রতি মাসে অতিরিক্ত ১,২০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে মূল বেতন যত বেশি হবে, এই বৃদ্ধির জেরে পকেটে আসার টাকার পরিমাণও তত বাড়বে। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা কেবল কর্মরত কর্মচারীরাই পাবেন না, এর সুফল পাবেন পেনশনভোগীরাও। তাঁদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ বা ডিআর (DR) বৃদ্ধির মাধ্যমে মাসিক পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেলার পরই নতুন ডিএ-র হার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফলে উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি এবং বকেয়া—দুই মিলিয়ে বড় ধরনের আর্থিক স্বস্তি মিলবে কি না, এখন সেটাই দেখার।