চাঁদনি চকে একসঙ্গে ৫৪টি সোনার দোকানে তালা! কোটি কোটি টাকার গয়না নিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের

দিল্লির ঐতিহ্যবাহী চাঁদনি চকের কুচা মহাজানি এলাকায় একসঙ্গে ৫৪টি সোনার ও রূপোর গয়নার দোকানে তালা ঝুলিয়ে দিল দিল্লি পুরসভা। বেসমেন্টে বেআইনিভাবে দোকান পরিচালনার অভিযোগে এই কড়া পদক্ষেপ করা হয়েছে। হঠাৎ এমন মেগা অভিযানে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুরসভার আধিকারিকরা এই অভিযান চালান। অল ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেশ সিংঘাল জানিয়েছেন, দোকানগুলি সিল করার আগে একাধিক ভবনে নোটিশ জারি করা হয়েছিল। নিয়ম না মেনেই বেসমেন্টে এই দোকানগুলি চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে, যদিও এই বিষয়ে বিস্তারিত আর কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

হঠাৎ করে দোকানগুলি সিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের প্রধান উদ্বেগ, দোকানের ভেতরেই কোটি কোটি টাকার সোনা ও রূপোর গয়না অবরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। মূল্যবান এই সামগ্রীগুলির সুরক্ষা এবং তা কীভাবে নিরাপদভাবে বাইরে বের করা হবে, সেই চিন্তায় এখন ঘুম উড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। পুরসভার এই কঠোর পদক্ষেপে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজধানীর ব্যবসায়ী মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *