মা তারার টানে প্রথা ভেঙেছিলেন বামা! কালীপুজোয় বড়পর্দায় আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র টিজার

কিছু গল্প কেবল শোনার নয়, অনুভব করার। তারাপীঠের পবিত্র ভূমিতে মা তারার প্রতি এক সন্তানের অসীম ভক্তি আর সাধনার সেই চিরন্তন কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছে এসভিএফ। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে প্রকাশ্যে এসেছে ছবিটির টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বাংলা চলচ্চিত্রের পর্দায় এই প্রথম ফুটিয়ে তোলা হচ্ছে আধ্যাত্মিক সাধক বামাক্ষ্যাপার জীবনের এক অসাধারণ ও অজানা অধ্যায়।

ছবির মূল উপজীব্য বামা ও মা তারার সেই সম্পর্ক, যা প্রথা এবং যুক্তির গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিল। টিজারে তারাপীঠের রহস্যময় ও আধ্যাত্মিক পরিবেশের পটভূমিতে ফুটিয়ে তোলা হয়েছে এক মানুষের অকৃত্রিম শক্তির পরিচয়। যিনি তাঁর ইষ্টদেবীকে কেবল মন্দিরের গর্ভগৃহে বন্দি রাখেননি, খুঁজে পেয়েছিলেন নিজের প্রতিটি নিঃশ্বাস এবং প্রার্থনায়। যেখানে ভক্তিই একমাত্র ভাষা এবং আত্মসমর্পণই পরম সত্য।

সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবির অন্যতম বড় আকর্ষণ এর কাস্টিং এবং কলাকুশলী। সাধক বামার আইকনিক চরিত্রে পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী। শুধু অভিনয়ই নয়, এই ছবির লেখক ও সৃজনশীল পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। অন্যদিকে, মা তারার ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে এবং সর্বানন্দের চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, চলতি বছর কালীপুজোয় মুক্তি পাবে ‘সাধক বামাক্ষ্যাপা’। সব মিলিয়ে, উৎসবের মরসুমে দর্শকদের এক অন্যমাত্রার আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত বাংলা সিনেমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *