ফের নিম্নচাপের ফলায় ভাসবে দক্ষিণবঙ্গ! কোন ৫ জেলায় জারি হলো কমলা সতর্কতা?

ফের হাওয়া বদল বঙ্গে! উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের জেরে ফের একবার দুর্যোগের মেঘ ঘনাচ্ছে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই জোড়া ফলার প্রভাবে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। তবে এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী তিন দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ঝড়-জলের পূর্বাভাস বজায় রয়েছে। উত্তরের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কেন এই হঠাৎ আবহাওয়া বদল?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই মূলত এই নতুন নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বর্তমানে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে পুরুলিয়া ও দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে গোটা রাজ্যেই নতুন করে আবহাওয়ার এই পটপরিবর্তন ঘটেছ।