বিশ্বনেতাদের আপ্যায়নে এলাহি কাণ্ড দিল্লিতে! খাস ভারতীয় স্বাদে মুগ্ধ করতে মেন্যুতে থাকছে কোন কোন মেগা সারপ্রাইজ?

রাজধানী দিল্লিতে শুরু হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আন্তর্জাতিক অতিথিদের অভ্যর্থনায় কোনো কমতি রাখছে না ফাইভ স্টার হোটেল দ্য লীলা। ‘অতিথি দেবো ভব’ সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে বিশ্বনেতাদের প্লেটে তুলে দেওয়া হচ্ছে খাঁটি ভারতীয় রাজকীয় স্বাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের সুপারফুড বাজরা থেকে শুরু করে ঐতিহ্যবাহী ভারতীয় মশলার জাদুতে সেজে উঠেছে এবারের বিশেষ মেনু।

হোটেল সূত্রে জানা গেছে, অতিথিদের জন্য তৈরি হয়েছে বিশেষ ‘ওজস্য’ নামক হেলথ প্রোগাম মেনু। যেখানে ঠাঁই পেয়েছে কিনোয়া উপমা, রাগি দোসা, ছাতুর পরোটা, বাজরার রুটি এবং বিশেষ লাড্ডু। পাশাপাশি তুলসি, মধু, আদা ও দেশি মশলা দিয়ে তৈরি ‘লীলা অমৃত’ নামের একটি বিশেষ স্বাগত পানীয় দিয়ে বরণ করা হচ্ছে বিদেশি অতিথিদের। তবে ভারতীয় খাবারের মধ্যে বিশ্বনেতাদের প্রধান পছন্দের তালিকায় রয়েছে ক্লাসিক ডাল মাখানি এবং সুস্বাদু বিরিয়ানি।

শুধু খাবারদাবারই নয়, প্রতিটি প্রতিনিধিদলের আলাদা পছন্দ ও খাদ্যাভ্যাসকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে স্বতন্ত্র মেনু। মিষ্টিমুখ করানোর জন্য মেন্যুতে রাখা হয়েছে জাফরান-পেস্তা কুলফি, রাবড়ি ও ফালুদা। খাবারের পাশাপাশি ভারতীয় সংস্কৃতির আসল পরিচয় তুলে ধরতে লবিতে চলছে শাস্ত্রীয় সঙ্গীত, বাঁশি বাদন এবং শিশু শিল্পীদের মনোজ্ঞ ধ্রুপদী নৃত্য পরিবেশনা। সব মিলিয়ে ব্রিকস সামিটে বিদেশি অতিথিদের মন জয় করতে ভারতীয় আতিথেয়তার এক অনন্য নজির গড়ছে রাজধানী দিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *