কালীঘাটের বাড়িতে তুলকালাম! মাঝরাতে সিআইডির ধস্তাধস্তি আর ১৫ কোটির রহস্যময় লেনদেনে সজাগ রাজ্য রাজনীতি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায়কে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা (CID)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে সুরক্ষা প্রত্যাহার করার পরেই কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনে অভিযান চালায় সিআইডি। এই গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শালবানি জমি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত হলেন সুমিত রায়। বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি করে। তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলে আদালত সুমিতের সুরক্ষা কবচ তুলে নেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, গত জুন মাসে সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা সহ মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছিল, যার সন্তোষজনক উৎস বা ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত।

পুলিশ ও সিআইডি সূত্রে খবর, এর আগে শালবানি থানার জমি সংক্রান্ত এক মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জেরা করেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুমিত রায়ের নাম পায় তদন্তকারীরা। অভিযোগ রয়েছে, সরকারি জমির চরিত্র বদল করে এবং ভুয়া দলিল তৈরি করে চড়া দামে তা বিক্রি করা হতো। বৃহস্পতিবার কালীঘাটের ১২১ নম্বর বাড়িতে সিআইডির দল পৌঁছালে সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তীব্র ধস্তাধস্তি বাধে। পরে সেখান থেকেই সুমিত রায়কে আটক করে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *