‘ভোটে জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকান 5000 ডলার পাবেন’, বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এক অভাবনীয় আর্থিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৪ হাজার টাকা লভ্যাংশ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

বুধবার ডালাসে আয়োজিত এক রিপাবলিকান কনভেনশনে ভাষণ দেওয়ার সময় এই চাঞ্চল্যকর ঘোষণা করেন ট্রাম্প। দেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সেনেট উভয়টিতেই জয়লাভ করলে আমেরিকার প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে। তবে এই প্রতিশ্রুতির সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, সরকারের দেওয়া এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যেই খরচ করতে হবে।

ডালাসের ওই কনভেনশনে এই বড় ঘোষণা করা হলেও, এই বিপুল পরিমাণ তহবিল ঠিক কোন উৎস থেকে আসবে বা এই প্রকল্পের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও বিশদ বিবরণ পাওয়া যায়নি। যোগ্য সুবিধাভোগী নির্বাচনের নির্দিষ্ট শর্তাবলী এবং রূপায়ণের প্রক্রিয়াও এখনও স্পষ্ট করেনি প্রশাসন।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রেসিডেন্ট মেয়াদের মাঝামাঝি সময়ে হওয়া এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে। বর্তমানে মার্কিন সংসদের উভয় কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও, এই নিয়ন্ত্রণ বজায় রাখা ট্রাম্পের নীতি ও আইন বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ডেমোক্র্যাটরা সেনেটের দখল নিলে ট্রাম্পের নীতি কার্যকর করা কঠিন হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক এই রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখেই ভোটারদের মন জয় করতে এই বিশাল অঙ্কের লভ্যাংশ দেওয়ার অস্ত্র ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *