মিড ডে মিলের উনুনেই মারাত্মক বিপদ! প্রেশার কুকার ফেটে ঝলসে গেল খুদে পড়ুয়া ও রাঁধুনি

উনুনের পাশেই ভিড় করেছিল কচিকাঁচারা। আর তখনই ঘটে গেল বড়সড় বিপত্তি। মিড ডে মিল রান্নার সময় হঠাৎই প্রেশার কুকার ফেটে আহত হলেন এক রাঁধুনি ও বেশ কয়েকজন পড়ুয়া। বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের পালগড় জেলার সোপারা জিলা পরিষদ স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে স্কুলের রান্নাঘরে যখন মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল, সেই সময় সেখানে হাজির ছিল কয়েকজন পড়ুয়া। রান্নার কাজ চলার মাঝেই আচমকা প্রেশার কুকারটি বিকট শব্দে ফেটে যায়। কুকারের তীব্র চাপ ও ফুটন্ত খাবারের আদালা ছিটকে এসে পড়ে রান্নাঘরে উপস্থিত শিশুদের গায়ে। এই দুর্ঘটনায় ১০ বছরের এক স্কুলছাত্রের মুখ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, ওই রান্নার দায়িত্বে থাকা রাঁধুনিও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্কুল চত্বরে মিড ডে মিলের নিরাপত্তা ও পড়ুয়াদের সুরক্ষা নিয়ে এই ঘটনা ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তুলেছে। এর আগেও বিভিন্ন জায়গায় মিড ডে মিলের মান ও নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। যেমন গত বছর সেপ্টেম্বর মাসে ঝাড়খণ্ডের দুমকা জেলার টোংরা এলাকার একটি সরকারি স্কুলে মিড ডে মিলে মরা গিরগিটি মেশানোর অভিযোগ উঠেছিল। সেই খাবার খেয়ে পেটে তীব্র যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল বহু খুদে পড়ুয়া। যাদের মধ্যে অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। একের পর এক এমন ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলিতে মিড ডে মিলের রান্নার মান ও সুরক্ষায় নজরদারির অভাব নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা।