পুজোর আগে ফের ঘূর্ণাবর্তের ফলায় বানভাসি হতে চলেছে বাংলা? আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের!

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জেরে ফের আবহাওয়ার মেজাজ বদলাতে চলেছে রাজ্যে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সরাসরি প্রভাব বঙ্গে না পড়লেও, ঘূর্ণাবর্তের জেরে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উইকেন্ডে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়া

আজ বৃহস্পতিবার উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হলো—পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবারও চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উইকেন্ডে বৃষ্টি কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া ও মৎস্যজীবীদের সতর্কতা

উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতি বদলাবে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে সোমবার থেকে আবহাওয়া আবার উন্নতির দিকে যাবে।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, কারণ সমুদ্রের ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *