পুজোর মুখে বড় ধাক্কা! হাওড়া-খড়্গপুর শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল বাতিল, তালিকা দেখে তবেই বেরোন

আসন্ন পুজোর মরসুমের মুখে সাধারণ যাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। বালিচকে নির্মীয়মাণ রোড ওভারব্রিজে স্টিলের গার্ডার বসানোর গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লার এক্সপ্রেস এবং ইএমইউ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি দূরপাল্লার ট্রেনের রুটও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিচক এলাকায় লেভেল ক্রসিং গেট নম্বর ৫২-এর উপরে ওভারব্রিজ তৈরির কাজের সময় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই দু’দিনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল থাকছে?
রেল সূত্রে জানানো হয়েছে, কাজের সুবিধার জন্য দু’দিনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে:
১৯ সেপ্টেম্বর: এই দিন বাতিল থাকবে ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস, ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস এবং ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। এছাড়াও ওই দিন ২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস এবং ৩৮৭২৫ হাওড়া-খড়গপুর ইএমইউ লোকালও সম্পূর্ণ বন্ধ থাকবে।
২০ সেপ্টেম্বর: এই দিন বাতিল করা হয়েছে ২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস। পাশাপাশি বন্ধ থাকবে ৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর, ৩৮৭০২ ও ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া, ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর, ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া এবং ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকাল ট্রেনগুলি।
পথ পরিবর্তন করা হচ্ছে যে ট্রেনগুলির
শুধু বাতিল করাই নয়, দূরপাল্লার তিনটি ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৫০২ নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস নির্ধারিত রুটের পরিবর্তে রামপুরহাট, সাঁইথিয়া, আন্ডাল, আসানসোল, বার্নপুর, আদ্রা, মেদিনীপুর ও হিজলি হয়ে চলাচল করবে। এছাড়া ১৯ সেপ্টেম্বরের ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস হিজলি, মেদিনীপুর, আদ্রা ও আসানসোল হয়ে হাওড়ার দিকে যাবে।
পুজোর কেনাকাটা ও পর্যটনের মরসুমে যাত্রীচাপ বাড়ার মুখে এই দু’দিনের পরিষেবা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা প্রবল। তাই সমস্যায় পড়তে না চাইলে বাড়ি থেকে বেরোনোর আগে রেলের হেল্পলাইন বা অ্যাপের মাধ্যমে ট্রেনের সর্বশেষ আপডেট ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।