শ্যারন ভার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সময় রায়না? নেটপাড়ায় চরম জল্পনার মাঝেই মুখ খুললেন কমেডিয়ান!

‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ সিজন ১-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন শ্যারন ভার্মা। আর কাট টু সিজন ২—সময়ের জনপ্রিয় এই শোয়ে এবার তিনি সোজা এসে হাজির হয়েছেন প্যানেলিস্টের আসনে। কিন্তু শো চলাকালীন শ্যারনের সঙ্গে সময়ের খুনসুটি এবং চোখের ভাষার আদানপ্রদান দেখেই নেটপাড়ার অনুমান, তাঁদের সম্পর্ক কেবল বন্ধুত্ব বা পেশাদার পরিচয়ে সীমাবদ্ধ নেই। সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয় যে শ্যারন ও সময় নাকি একে অপরকে ডেট করছেন। অবশেষে এই জল্পনা নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ কমেডিয়ান।
বুধবার, ৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছিলেন সময় রায়না। অনুরাগীদের কাছে জেনুইন প্রশ্ন করার অনুরোধ জানাতেই এক অনুরাগী তাঁকে সরাসরি প্রশ্ন বসেন, তিনি কি সত্যিই শ্যারন ভার্মাকে ডেট করছেন? এই জল্পনার জবাবে স্পষ্ট ভাষায় সময় লিখেছেন, “না ভাই না। এসব ছড়াচ্ছে ইন্টারনেট।”
উল্লেখ্য, ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ সিজন ২-এর একটি পর্বে শ্যারন আসতেই তাঁর বিহারি হওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন উপস্থাপক সময়। জবাবে সময়কে কাশ্মীরি হওয়া নিয়ে পাল্টা খোঁচা দেন শ্যারন। তাঁদের সেই অন-স্ক্রিন রসায়ন এবং মিষ্টি ঝগড়াই দুইয়ে দুইয়ে চার করতে বাধ্য করেছিল ভক্তদের। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে কমেডিয়ান নিজেই পরিষ্কার করে দিলেন যে এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। প্রথম সিজনের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মে সমাদৃত হচ্ছে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ সিজন ২।