কুইক কমার্স বাজারে বড় ওলটপালট! স্বাধীন অ্যাপ লঞ্চ করে সরাসরি কাদের চ্যালেঞ্জ ছুড়ল ই-কমার্স জায়ান্ট?

ই-কমার্স বাজারে ঝড় তুলতে কুইক কমার্স পরিষেবার জন্য সম্পূর্ণ নতুন এবং আলাদা একটি অ্যাপ নিয়ে এল ফ্লিপকার্ট। এতদিন মূল ফ্লিপকার্ট অ্যাপের ভেতরেই একটি সেকশন হিসেবে ‘ফ্লিপকার্ট মিনিটস’ উপলব্ধ থাকলেও, এবার একে পুরোপুরি স্বাধীন একটি অ্যাপের রূপ দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে এই নতুন অ্যাপটি ইতিমধ্যেই চলে এসেছে, যা সরাসরি ব্লিনকিট, জেপ্টো এবং সুইগি ইনস্টামার্টের মতো প্রথমসারির প্ল্যাটফর্মগুলোকে জোরালো টক্কর দিতে প্রস্তুত।
কোম্পানি সূত্রে জানা গিয়েছে, এই নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা তাজা ফল ও শাকসবজি, প্রাতঃরাশের সামগ্রী, দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় পরিষ্কারের জিনিসপত্র—সবকিছুই মাত্র ১০ মিনিটে হাতে পেয়ে যাবেন। শুধু তাই নয়, দৈনন্দিন মুদির বাজারের পাশাপাশি শেষ মুহূর্তের জরুরি উপহার, ফুল, চকোলেট কিংবা ব্লুটুথ ইয়ারফোন, স্মার্টওয়াচ এবং নানা ধরনের ইলেকট্রনিক গ গ্যাজেটও অর্ডার করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে।
বর্তমানে দেশের ১৩০টিরও বেশি শহর এবং ৮,০০০-এর বেশি পিন কোডে এই ঝড়ের বেগতি ডেলিভারি পরিষেবা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে ১,০০০-এরও বেশি মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার এবং আড়াইশটিরও বেশি ক্যাটাগরির পণ্যের বিশাল সম্ভার নিয়ে কুইক কমার্স দুনিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে ফ্লিপকার্ট। উৎসবের মরশুমের আগে এই নতুন অ্যাপ লঞ্চ করার ফলে সাধারণ ক্রেতারা এখন আরও দ্রুত ও সহজে প্রয়োজনীয় কেনাকাটা সারতে পারবেন বলেই মনে করছে প্রযুক্তি মহল।