গোলা ছোড়ার মুহূর্তেই ভয়াবহ অঘটন! ফায়ারিং মহড়ায় চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, তোলপাড় বাংলাদেশে

সেনার প্রশিক্ষণ মহড়ার সময় হঠাৎ ঘটল এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা! গোলা ছোড়ার সময় চিনা প্রযুক্তির ট্যাঙ্কে বিকট বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারালেন সেনাবাহিনীর ২ সদস্য। গুরুতর আহত হয়েছেন এক উচ্চপদস্থ সেনা কর্তা। ঘটনার পর মুহূর্তে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় সেনাশিবিরে।

বুধবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে। সেনা সূত্রে খবর, সেখানে প্রতিদিনের মতোই নিয়মিত প্রশিক্ষণ ও ফায়ারিং অনুশীলনের কাজ চলছিল। মহড়া চলাকালীন একটি চিনা প্রযুক্তির ‘টাইপ ৫৯’ (Type 59) ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দুই সেনাকর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত সেনা কর্তাকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে করে ঢাকার সামরিক হাসপাতালে (CMH) স্থানান্তর করা হয়েছে।

তবে ঠিক কীভাবে এই মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ট্যাঙ্কে কোনও মারাত্মক যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা ছিল নাকি গোলাবারুদে গোলমালের কারণে এই বিস্ফোরণ—সে বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তার খাতিরে নিহত ও আহত সেনাকর্মীদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফায়ারিংয়ের ঠিক কোন মুহূর্তে এই বিস্ফোরণ এবং এটি যান্ত্রিক ক্রুটি নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা তদন্তের পরেই পরিষ্কার হবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *