পুজোর টিকিটের টেনশন অতীত! এই ছোট্ট ট্রিক্সে মিলবে কনফার্ম সিট, ট্রিপ ক্যানসেলের আর ভয় নেই

পুজোর সময় ভ্রমণপিপাসু বাঙালি ঘুরতে যাবে না, এমনটা হতে পারে না। দুর্গোৎসব মানেই স্কুল, কলেজ, আদালত থেকে শুরু করে একাধিক সরকারি ও বেসরকারি অফিসে টানা ছুটির মেজাজ। আর এমন লম্বা ছুটি পেলে ট্রিপে যাওয়ার পরিকল্পনা করবেন না, তা কি হয়? কিন্তু উৎসবের এই মরশুমে ট্রেনের টিকিট পাওয়া মানে রীতিমতো ভাগ্যের ব্যাপার। অনেক সময় হোটেল বা রিসর্ট বুক হয়ে গেলেও শেষ মুহূর্তে ট্রেনের কনফার্ম টিকিট না পাওয়ায় বহু মানুষের সাধের ট্যুর বাতিল করতে হয়। তবে সামান্য কিছু কৌশল জানা থাকলে আর হতাশ হতে হবে না।

বর্তমানে ট্রেন যাত্রার জন্য ৬০ দিন বা দুমাস আগে থেকে টিকিট বুকিং করা যায়। কিন্তু পুজো বা উৎসবের মরশুমে চাহিদা এতটাই বেশি থাকে যে চোখের পলকে সমস্ত আসন বুক হয়ে যায়। এই পরিস্থিতিতে কনফার্ম টিকিট নিশ্চিত করতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলা জরুরি।

সঠিক সময়ে লগইন: প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিটের আগাম বুকিং শুরু হয়। তাই কনফার্ম টিকিট পেতে হলে বুকিং উইন্ডো খোলার অন্তত ১০ মিনিট আগেই আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে প্রস্তুত থাকুন। যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ বা জেন্ডারের মতো প্রয়োজনীয় তথ্যগুলি আগে থেকেই কোথাও টাইপ করে বা কপি করে রাখুন, যাতে বুকিং উইন্ডো খুলতেই পলকে তা পেস্ট করে দেওয়া যায়।

পেমেন্টের মাধ্যম আগে থেকে ঠিক করুন: টিকিট কাটার সময় সবচেয়ে বেশি সময় নষ্ট হয় টাকা মেটানোর পেমেন্ট গেটওয়েতে। তাই কোন মাধ্যমে পেমেন্ট করবেন, তা আগে থেকেই পরিকল্পনা করে রাখুন। আইআরসিটিসি-র নিজস্ব ওয়ালেটে আগে থেকেই পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে পারেন। এর ফলে ওটিপি (OTP) আসা বা সার্ভার স্লো হওয়ার ঝামেলা এড়িয়ে এক নিমেষে পেমেন্ট সম্পন্ন করা সম্ভব হয় এবং কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

সামান্য এই কৌশলগুলি মাথায় রেখে সঠিক সময়ে পদক্ষেপ করতে পারলে উৎসবের ভিড়েও আর হাতছাড়া হবে না ট্রেনের কনফার্ম টিকিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *