লাল ঝোল নয়, এবার জমজমাট সাদা তিল দিয়ে বানান শাহী চিকেন! স্বাদে গন্ধে তাক লাগিয়ে দিন অতিথিকে

মাংস মানেই কি উপরে তেলের পরতভাসমান লাল গরগরে ঝোল? চিকেন বা মাটনের প্রচলিত এই ধারণাকে এবার বদলে ফেলার সময় এসে গেছে। একঘেয়ে লাল ঝোল বা কষা মাংসের স্বাদ বদলাতে রান্নাঘরে আনতে পারেন নতুন চমক। তিল ও কাজুর মাখনে তৈরি সুস্বাদু এই সাদা গ্রেভির মুরগির পদ কেবল রঙেই নয়, স্বাদেও একেবারে অন্যমাত্রার। ছুটির দিনে বা বিশেষ অতিথির আপ্যায়নে টেবিলের আকর্ষন বাড়াতে এটি এক জাদুকরী রেসিপি।

তিলবাটা মুরগির প্রয়োজনীয় উপকরণ:

মুরগির মাংস- ৭০০ গ্রাম

সাদা তিল- ৭০ গ্রাম

কাজু বাদাম- ২০ গ্রাম

মাঝারি সাইজের পেঁয়াজ কুচি- ৩টি

আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৬-৭টি

টক দই- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ

দুধ- ৩-৪ টেবিল চামচ

ঘি- ১ টেবিল চামচ

রান্নার জন্য পরিমাণমতো সাদা তেল ও নুন

তিলবাটা মুরগি তৈরির সহজ প্রণালী:
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, সামান্য সাদা তেল, পরিমাণমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

এবার কড়াইতে সামান্য শুকনো খোলায় সাদা তিল ও কাজুবাদাম একসঙ্গে হালকা নেড়েচেড়ে ভেজে নিন। ভাজা তিল থেকে ১ টেবিল চামচ আলাদা তুলে রেখে, বাকি তিল ও কাজু সামান্য দুধ মিশিয়ে একসঙ্গে মিহি করে বেটে পেস্ট বানিয়ে নিন।

এরপর কড়াইতে সাদা তেলের সঙ্গে এক চামচ ঘি গরম করুন। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভেজে তাতে আদা-রসুন ও কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে আগে থেকে বেটে রাখা তিল ও কাজুর পেস্ট কড়াইতে ঢেলে দিন। কম আঁচে মশলা কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। এবার আঁচ বাড়িয়ে ভালো করে মাংস কষাতে থাকুন।

মাংস থেকে জল বের হলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। মাঝেমধ্যে ঢাকা খুলে অনবরত নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। গ্রেভি একটু গা মাখা করতে চাইলে সামান্য উষ্ণ গরম জল যোগ করতে পারেন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে তেল ছেড়ে এলে নামানোর আগে উপর থেকে সেই ১ টেবিল চামচ আলাদা করে রাখা ভাজা সাদা তিল ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রাজকীয় স্বাদের তিলবাটা চিকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *