আন্দোলন অতীত! পুজোর আগেই ২০ শতাংশ বোনাস ঘোষণা হতেই চা বাগানে খুশির বন্যা

পুজোর আগে বোনাসের দাবিতে চা বাগানগুলিতে বিক্ষোভ, গেট মিটিং কিংবা রাস্তা অবরোধ—ডুয়ার্সের এই চেনা ছবি এবার অতীত। দুর্গাপুজোর ঠিক আগে আন্দোলনের কোনো বালাই ছাড়াই চা শ্রমিকদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ বোনাস ঘোষণা হওয়ায় জলপাইগুড়ির চা বলয়ে খুশির জোয়ার বইছে।
প্রতি বছরই পুজোর আগে বোনাস নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের টানাপোড়েন এবং প্রশাসনিক জটিলতা দেখা দিত। বোনাস ঘোষণা হলেও তা নিয়ে টালবাহানার অভিযোগ তুলতেন শ্রমিকরা। কিন্তু এবার সেই চেনা উদ্বেগের ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। জলপাইগুড়ি জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ৯০টি চা বাগান রয়েছে। উৎসবের মরশুমে এই বোনাসের টাকার ওপর নির্ভর করেই শ্রমিক পরিবারগুলির পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঘর মেরামতের মতো জরুরি কাজগুলি সম্পন্ন হয়।
বোনাসের দাবিতে আর রাস্তায় নামতে না হওয়ায় বেজায় স্বস্তি পেয়েছেন শ্রমিকরা। তাঁদের কথায়, হাতে এই টাকা চলে আসায় ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দেওয়ার পাশাপাশি পুজোর কটা দিন ভালো-মন্দ খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া দীর্ঘদিন ধরে জমে থাকা ঘর মেরামতের কাজও এবার সেরে ফেলতে পারবেন তাঁরা। ডুয়ার্সের চা বাগানগুলিতে এখন থেকেই উৎসবের প্রবল আমেজ শুরু হয়ে গিয়েছে।