পুরনিগমের নির্দেশকে বুড়ো আঙুল! লাইসেন্স বাতিল হতেই সকালেই খোলা হলো বিখ্যাত মিষ্টির দোকান

কলকাতা পুরনিগমের নির্দেশকে সরাসরি অমান্য করে লাইসেন্স সাসপেন্ড হওয়া সত্ত্বেও দোকান খোলার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। মঙ্গলবারই পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্পষ্ট করে দিয়েছিলেন যে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ৪০টি সংস্থার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সেই সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার করে বুধবার সকালেই ধাপা রোডের নামী মিষ্টির দোকান ‘মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার’-এর শাটার তুলে বেচাকেনা শুরু করেন মালিক।
মঙ্গলবারই পুরনিগমের তরফে লাইসেন্স বাতিল করে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, দোকানটির একটি দরজা বা শাটার আধো খোলা রেখেই ভেতরে চলছে বেচাকেনা। এই বিষয়ে দোকানের মালিক পলাশ মিশ্রের অদ্ভুত যুক্তি, তাঁর দোকানে থাকা দুধ ও দুগ্ধজাত সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি দোকান খুলেছেন।
পলাশ মিশ্রের দাবি, “হঠাৎ করে দোকান বন্ধের নোটিস আসায় আমাদের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তবে আমরা নিয়ম মানার চেষ্টা করছি এবং দ্রুত সামনের দিক সম্পূর্ণ বন্ধ করে দেব।” এর আগে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ওই দোকানে অভিযান চালিয়ে রান্নাঘর ও প্রক্রিয়াকরণ এলাকায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান। যার ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ করেছে পুরনিগম।
উল্লেখ্য, দুর্গোৎসবের আগে শহরবাসীর স্বাস্থ্য ও খাদ্যের মান সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরনিগম। সম্প্রতি বাতিল হওয়া ৪০টি দোকানের তালিকার মধ্যে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মতো খ্যাতনামা মিষ্টির দোকানও রয়েছে। পুরনিগম স্পষ্ট জানিয়ে দিয়েছে, লাইসেন্স স্থগিত থাকা অবস্থায় কোনোভাবেই বেচাকেনা চালানো যাবে না। নিয়ম মেনে আবেদন ও পরিকাঠামো সংশোধনের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রকাশ্যেই পুরনিগমের নিষেধাজ্ঞা উড়িয়ে এই ধরনের আইন অমান্যের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।