‘বাইরে জানালে টিসি দিয়ে বের করে দেব!’ ছাত্রকে বেধড়ক পিটিয়ে চরম হুমকি অভিযুক্ত মাস্টারের

স্কুলের চার দেয়ালের মধ্যে শিক্ষক এবং ছাত্রের পবিত্র সম্পর্কের চরম অবনতির এক ভয়ঙ্কর ছবি সামনে এল। কর্ণাটকের মহীশূরে সামান্য কারণে ১৬ বছরের এক পড়ুয়ার চোখে সজোরে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই নৃশংস মারধরের জেরে ওই ছাত্রের এক চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই ছাত্রের নাম রেহান শরিফ। ছাত্রের বাবা ওয়াসিম শরিফ জানিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফিরে ছেলে পুরো ঘটনাটি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আঘাত এতটাই গুরুতর যে পড়ুয়ার চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে।

পরিবারের আরও অভিযোগ, মারধরের এখানেই শেষ নয়। ঘটনার কথা বাইরে প্রকাশ করলে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেন ওই শিক্ষক। ভয়ে এবং আতঙ্কে প্রথমে পরিবার হতবাক হয়ে গেলেও পরে সাহসের সঙ্গে থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা।

পুলিশ সূত্রে খবর, ওয়াসিম শরিফের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঠিক কী কারণে ওই শিক্ষক এত বড় পদক্ষেপ করলেন এবং কেনই বা ছাত্রকে এভাবে হেনস্থা করা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকেই স্কুল চত্বরে চরম উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *