প্রভাসের ভক্তদের জন্য বড় ধাক্কা! ৩ ডিসেম্বরের বদলে কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফৌজি’?

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ছবির জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভক্তরা। প্রতি দুই বছরে একটি করে ছবি মুক্তি পেলেও বক্স অফিসে তার প্রভাব থাকে আকাশছোঁয়া। তবে এবার প্রভাসের ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর সামনে এসেছে। মুক্তির তারিখ বদলাতে পারে তাঁর আসন্ন সিনেমা ‘ফৌজি’-র।
শুরুতে পরিকল্পনা ছিল ২০২৬ সালের ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবিটি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, মুক্তির দিন পিছিয়ে এটি ২০২৭ সালের সংক্রান্তি উৎসবের সময়ে প্রেক্ষাগৃহে আনা হতে পারে।
মুক্তির তারিখ পেছানোর আসল কারণ কি?
চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বক্স অফিসে একাধিক বড় ছবি মুক্তির রেসে রয়েছে। বিশ্বক সেনের একটি সিনেমা ৪ ডিসেম্বর এবং নাগা চৈতন্যর ‘বৃষকর্মা’ কিংবা দুলকার সালমানের ‘শ্রী শ্রী’ ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার জোরালো জল্পনা চলছে। বক্স অফিসে এই হাই-ভোল্টেজ সংঘাত এড়াতেই নির্মাতারা ‘ফৌজি’-র মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন।
সংক্রান্তিতে বড় লড়াইয়ের সম্ভাবনা
যদি ছবিটি ২০২৭ সালের সংক্রান্তিতে মুক্তি পায়, তবে বক্স অফিসে বিশাল এক সংঘর্ষের মুখে পড়তে হবে প্রভাসকে। কারণ এই একই সময়ে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর নতুন ছবি ‘কাকা’ মুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতেই দুটি হেভিওয়েট সিনেমা মুখোমুখি হলে বক্স অফিসের লড়াই যে বেশ জমে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
পরিচালক হনু রাঘবপূদির এই ছবিটিতে প্রভাসের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে চলেছে নবাগতা ইমানভির। এছাড়া তারকাখচিত এই প্রজেক্টে মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা এবং অনুপম খেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।