৫-০ এগিয়ে থেকেও অবিশ্বাস্য পতন! চিনা তারকার কাছে লজ্জাজনক হারের পর মেজাজ হারালেন ইগা শিয়নটেক

কোয়ালিফাইং রাউন্ড খেলে মূলপর্বে প্রবেশ করা চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে ইউএস ওপেনে এক অভাবনীয় এবং লজ্জাজনক হারের মুখ দেখলেন টেনিস তারকা ইগা শিয়নটেক। সোমবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে চিনের কিনওয়েন ঝেংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান পোলিশ তারকা। শুধু তাই নয়, ম্যাচের প্রথম সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকেও সেখান থেকে ম্যাচ হেরে গিয়ে প্রেস কনফারেন্সে মারাত্মক চটে যান তিনি।

২০২২ সালের পর ফ্লাশিং মেডোয় খেতাব পুনরুদ্ধারের লড়াইয়ে দুর্দান্ত শুরু করেছিলেন ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়নটেক। কোনো সেট না খুইয়েই তিনি চতুর্থ রাউন্ডে পা রেখেছিলেন। কিনওয়েন ঝেংয়ের বিরুদ্ধে এর আগে কেরিয়ারের ৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছিলেন তিনি। সোমবারের ম্যাচেও প্রথম সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন অষ্টম বাছাই শিয়নটেক। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ৭টি গেম জিতে প্রথম সেট ৫-৭ ব্যবধানে ছিনিয়ে নেন অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং। এরপর দ্বিতীয় সেটে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ৩-৬ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন চিনা তারকা।

ম্যাচ শেষে অপ্রত্যাশিত এই হারের হতাশা লুকিয়ে রাখতে পারেননি শিয়নটেক। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন— ৫-০ এগিয়ে থেকেও প্রথম সেট হেরে যাওয়ার পর তিনি কীভাবে এই ধাক্কা হজম করবেন এবং এখান থেকে কী শিক্ষা নেবেন? এই প্রশ্ন শোনার পরেই মেজাজ হারান পোলিশ তারকা।

নিজেকে কোনোমতে সংযত রেখে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এটা বাকি আর পাঁচটা ম্যাচের মতোই। যেভাবে সাধারণত খেলে থাকি, আজও একইভাবে খেলার চেষ্টা করেছি। আপনার কী মনে হয়? পাগল হয়ে যাওয়ার মতো কিছু ঘটেছে? যে কোনও জায়গা থেকে আপনি একটি সেট খোয়াতে পারেন। এটা বিশেষ কিছু নয়, এটা ঘটেছে ব্যস এটুকুই।” হারের পর হতাশা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে স্বীকার করে নিয়ে তিনি জানান যে আরও একটু সতর্ক হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *