তিন সন্তানের মা হলেন পরীমণি! কোলে নতুন অতিথি আসতেই নেটপাড়ায় তুফান, আর ক’টা বাচ্চা চান নায়িকা?

বাংলাদেশের বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও খবরের শিরোনামে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রহস্যময় ছবি পোস্ট করতেই নেটপাড়ায় চরম শোরগোল শুরু হয়েছে। ছবিতে একরত্তি এক শিশুকে কোলে নিয়ে পোজ দিতে দেখা গেছে নায়িকাকে। আর এই ছবি সামনে আসতেই অনুরাগীদের মনে কৌতূহলের পারদ চড়েছে।
পুত্র সন্তান দত্তক নিলেন পরীমণি
সোশ্যাল মিডিয়ায় চশমা পরা স্টাইলিশ লুকে গাড়ি থেকে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নাম্বার থ্রি ডান। আলহামদুলিল্লাহ’। পরবর্তীতে কমেন্ট বক্সে নিজেই স্পষ্ট করে জানান যে, কন্যাসন্তানের পর এবার আরও একটি পুত্রসন্তান দত্তক নিয়েছেন তিনি। তবে এখনও নবজাতকের নাম ঠিক করা হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে অভিনেত্রীর এই পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা।
শতসন্তানের মা হওয়ার ইচ্ছে
সন্তানদের প্রতি পরীমণির ভালোবাসা ও আবেগ নতুন কিছু নয়। এর আগেও একাধিক সাক্ষাৎকারে তিনি বড় পরিবারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে তাঁর সংসারে রয়েছে দুটি সন্তান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সময় জন্ম হয় তাঁদের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পুণ্যের। বিচ্ছেদের পর থেকে পুণ্য তাঁর সঙ্গেই থাকে। এরপর গত বছর মে মাসে আইনি প্রক্রিয়া মেনে সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন তিনি। আর এবার তৃতীয় সন্তানকে কোলে নেওয়ার পর এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, ‘আর কটা চাই?’ যার জবাবে বিন্দুমাত্র রাখঢাক না করে সটান অভিনেত্রী জানান যে তিনি আরও ৯৭টি সন্তান চান, অর্থাৎ তিনি শতসন্তানের জননী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।