কাটা বাছার ভয়ে চাঁদা মাছ কেনা বন্ধ? ঘরে থাকা এই জাদুকরি ট্রিকসে এক মিনিটে সাফ হবে সব ময়লা!

বাঙালির মাছপ্রীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইলিশ থেকে শুরু করে রুই-কাতলা কিংবা ছোট পুঁটি ও মৌরলা—তালিকায় রয়েছে চাঁদা মাছও। খাল-বিলের এই ছোট্ট চাঁদা মাছ খেতে দারুণ সুস্বাদু হলেও এর কাটা বাছার ঝামেলা অনেকেরই অপছন্দের। বাজার থেকে এই মাছ সাধারণত কেটে দেওয়া হয় না। তবে ঘরোয়া কিছু সহজ উপায়ে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
সবজির ঝুড়ি ব্যবহার করে খুব সহজেই চাঁদা মাছ পরিষ্কার করা যায়। প্রথমে একটি সবজি ধোয়ার ঝুড়িতে মাছগুলি নিয়ে অনবরত ঝাঁকাতে হবে। কিছুক্ষণ ঝাঁকালেই ময়লা ও ফেনা বের হতে শুরু করবে। এরপর কলের তলায় ঝুড়িটি রেখে জল ছেড়ে দিয়ে আবার ঝুড়িটি ঝাঁকাতে থাকুন। এভাবে ৫ থেকে ৬ মিনিট করলেই মাছের সমস্ত ময়লা এবং ফেনা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।
এছাড়া ঝুড়ির সাহায্যেই অন্য আরেকটি পদ্ধতিতে মাছ পরিষ্কার করা সম্ভব। একটি ঝুড়িতে মাছ নিয়ে হাতে প্লাস্টিক জড়িয়ে মাছগুলি ঝুড়ির গায়ে হালকাভাবে ঘষতে হবে। তবে খেয়াল রাখতে হবে খুব জোরে যেন চাপ না পড়ে। কিছুক্ষণ এভাবে ঘষলেই মাছের আঁশ ও ময়লা সহজেই উঠে যাবে। এরপর জল দিয়ে বারবার ধুয়ে নিলেই মাছ একেবারে পরিষ্কার হয়ে যাবে।
পাখনা ও নাড়িভুঁড়ি পরিষ্কার করার জন্য হাত বা কাঁচির সাহায্য নেওয়া যেতে পারে। হাতের নখ দিয়ে মাছের কানকো ও পাখনা টেনে ফেলে দেওয়া যায় অথবা ছোট কাঁচি দিয়েও তা কেটে ফেলা সম্ভব। এরপর পেটের কাছটা একটু চিরে সামান্য চাপ দিলেই নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে।
সবশেষে মাছগুলি একটি বড় পাত্রে জলে ভিজিয়ে রাখুন। মাছ কাটা সম্পূর্ণ হলে ঠাণ্ডা জল বা চাল ধোয়া জলে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের আঁশটে গন্ধ দূর করতে চাইলে এই পর্যায়ে সামান্য নুন ও লেবুর রস মাখিয়েও রাখতে পারেন।