শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ নিয়ে বড় পদক্ষেপ! মোট কত সম্পত্তির মালিক প্রাক্তন প্রধানমন্ত্রী?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এবার সেই সম্পত্তি কীভাবে বাজেয়াপ্ত করা হবে, কোন সংস্থা এই কাজ করবে এবং বাজেয়াপ্ত সম্পত্তি কীভাবে নিহতদের পরিবারের ক্ষতিপূরণে ব্যবহার করা হবে, তা নিয়ে জোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, আইন ও বিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার স্পষ্ট সংস্থান রয়েছে। প্রক্রিয়া চূড়ান্ত হলে তা পূর্ববর্তী রায়ের ক্ষেত্রেও কার্যকর করা হবে।

শেখ হাসিনার মোট সম্পত্তির হিসাব

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লক্ষ টাকার (বাংলাদেশি মুদ্রা) স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা।

নগদ ও ব্যাঙ্ক জমা: তাঁর হাতে নগদ ছিল ২৮,৫০০ টাকা এবং ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লক্ষ টাকা। এছাড়াও ২৫ লক্ষ টাকার সেভিংস সার্টিফিকেট এবং ৫৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (FDR) রয়েছে।

গাড়ি ও অলংকার: তাঁর নামে তিনটি মোটরগাড়ি রয়েছে, যার মধ্যে দুটি গাড়ির মোট মূল্য ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং একটি উপহার হিসেবে প্রাপ্ত। এছাড়া ১৩ লক্ষ ২৫ হাজার টাকার সোনা এবং ৭ লক্ষ ৪০ হাজার টাকার আসবাবপত্রের কথা উল্লেখ করা হয়েছে।

জমি ও বাগানবাড়ি: টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজিপুর ও রংপুরে তাঁর মোট ১৫.৩ বিঘা কৃষিজমি রয়েছে। গাজিপুরের মৌচাকে একটি বাগানবাড়ি এবং ঢাকার পূর্বাচলে ৩৪ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের একটি প্লট রয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়ায় ৬.১০ ডেসিমেল জমির ওপর একটি তিনতলা বাড়ি রয়েছে তাঁর নামে।

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির মালিকানা কার?

ভূমি দফতরের সূত্র অনুযায়ী, ঢাকার ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি শেখ হাসিনার ব্যক্তিগত নামে নেই; এটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর মালিকানাধীন। অন্যদিকে, ধানমন্ডির সুপরিচিত বাসভবন ‘সুধা সদন’-এর মালিকানা তাঁর ছেলে সজীব ওয়াজেদ এবং মেয়ে সায়মা ওয়াজেদের নামে রয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *