টানা ২৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি! তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে হানা দিয়ে কী পেল ইডি?

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল—টানা ২৪ ঘণ্টা ধরে তৃণমূল সাংসদ নাদিমুল হকের কলকাতার অফিসে ম্যারাথন তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে নাদিমুল হককে কলকাতায় নিয়ে এসে এই তল্লাশি অভিযান শুরু হয়। দীর্ঘ জেরা ও তল্লাশি শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
নাদিমুলের বিরুদ্ধে আসল অভিযোগ কী?
তৃণমূল সাংসদের বিরুদ্ধে মূলত বেনামি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন চালানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তে নেমেই পার্ক সার্কাসের ‘আখবার-ই-মশরিক’ নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। উল্লেখ্য, ওই উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন সাংসদ নাদিমুল হক। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন কিছু আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, যার কোনো সঠিক সঙ্গতি বা হিসাব পাওয়া যাচ্ছে না। সেই গরমিলের তদন্ত করতেই এই অভিযান। প্রসঙ্গত, সোমবার কলকাতা ছাড়াও দিল্লি ও রাঁচি-সহ দেশের মোট সাতটি ঠিকানায় একসঙ্গে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
তল্লাশিতে কী পাওয়া গেল?
তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, পার্ক সার্কাসের অফিসে দীর্ঘক্ষণ নথিপত্র খতিয়ে দেখা হয় এবং তল্লাশি শেষে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরেও হানা দেয় ইডি টিম। জানা গেছে, ৬১ নম্বর সাউথ এভিনিউর ওই সাংসদ বাংলোটি রাজ্যসভার সদস্য হিসেবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত হলেও সেখানে তিনি থাকেন না। ওই বাড়িটি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। সোমবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চলে। তৃণমূল সূত্রে খবর, ওই অফিস থেকে একটি পুরনো ফোন, একটি আইপ্যাড এবং ইলেক্টোরাল রোলের তথ্যসংবলিত একটি পুরনো হার্ডডিস্ক সঙ্গে করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।