টেক দুনিয়ায় বিরাট বোমা! হায়দরাবাদে ৭০ হাজার কোটির এআই ডেটা সেন্টার গড়ছে টিসিএস-এর সহযোগী সংস্থা!

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিকাঠামো উন্নয়নে আরও এক ঐতিহাসিক পদক্ষেপে এগোচ্ছে ভারত। টিসিএস (Tata Consultancy Service)-এর সহযোগী সংস্থা ‘HyperVault’ হায়দরাবাদে একটি অত্যন্ত বৃহৎ ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করতে চলেছে। এই মেগা প্রকল্পের জন্য সংস্থাটি হায়দরাবাদে ২৬৪ একর জমি অধিগ্রহণ করেছে এবং মোট ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিশাল ডেটা সেন্টারটি দেশীয় প্রযুক্তির বাজারে এক নতুন বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পের মূল বৈশিষ্ট্য ও প্রযুক্তি
নতুন এই ডেটা সেন্টারে অত্যাধুনিক হাই-ডেন্সিটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) ব্যবহার করা হবে, যা মূলত এআই ট্রেনিং, ইনফেরেন্স এবং অ্যাডভান্সড কম্পিউটিং ওয়ার্কলোড সফলভাবে বহন করতে সক্ষম। টিসিএস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কে কৃত্তিবাসন জানিয়েছেন, ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সংস্থার ‘ইনফ্রাস্ট্রাকচার-টু-ইন্টেলিজেন্স’ কৌশলকে বাস্তবে রূপ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হায়দরাবাদের উন্নত মেধা ও শক্তিশালী টেক ইকোসিস্টেমের জন্যই এই শহরটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কর্মসংস্থান ও গ্রিন এনার্জি
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ডেটা সেন্টার তৈরিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। বিশেষ করে এই ডেটা সেন্টারে সম্পূর্ণ ‘গ্রিন এনার্জি’ বা পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করা হবে, যা আগামী দিনে গ্লোবাল এআই পরিকাঠামো তৈরির ক্ষেত্রে ভারতকে আরও এগিয়ে রাখবে। মাইক্রোসফট ও গুগলের পর টিসিএস-এর এই বিশাল বিনিয়োগ দেশের প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগও বহুলাংশে বাড়িয়ে দেবে।