ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেই চরম বিপাকে পাক অধিনায়ক! আইসিসির বড় শাস্তির মুখে ফাতিমা সানা!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে টানটান উত্তেজনা এবং চড়া মেজাজ। আর এবার মহিলা এশিয়া কাপে সেই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ম্যাচেই আইসিসির আচরণবিধি ভেঙে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। ভারতের বিরুদ্ধে গ্রুপ ‘এ’-এর ম্যাচে আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দুবাইয়ে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে লেভেল ওয়ান অপরাধের জন্য আইসিসির প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন ফাতিমা। এই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর এমন কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ যা ব্যাটারকে অপমান করে কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।

ঠিক কী ঘটেছিল মাঠে? ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। ভারতের মারকাটারি ওপেনার শেফালি ভার্মাকে আউট করার ঠিক পরেই প্যাভিলিয়নের দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন পাক অধিনায়ক। মাঠের আম্পায়ার নিমালি পেরেরা এবং শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান যৌথভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

বাড়ল ডিমেরিট পয়েন্ট জরিমানার পাশাপাশি ফাতিমার ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় অপরাধ হওয়ায় মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়াল দুটিতে। এর আগে ২০২৫ সালের অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে আগামী দিনে তাঁকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে আইসিসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *