চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! আক্রান্ত পেরিয়ে গেল সাড়ে ৪ হাজার, রাজ্যজুড়ে কোন জেলায় সবচেয়ে বড় বিপদ?

পুজোর আগে ফের একবার চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। রাজ্যজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য মহলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি মরশুমে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন জেলা ও পৌর এলাকায় শুরু হয়েছে জোরদার প্রতিরোধমূলক ব্যবস্থা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও বর্তমান পরিস্থিতির বিচারে সংক্রমণের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এই জেলায় আক্রান্তের সংখ্যা অন্যান্য সমস্ত এলাকাকে পিছনে ফেলে দিয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মহানগরী কলকাতা। এছাড়া বেশ কয়েকটি উপদ্রুত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে প্রশাসন।
ডেঙ্গির এই ক্রমবর্ধমান বিস্তার রুখতে রাজ্যজুড়ে মোট ১২৮টি পৌরসভায় একযোগে বিশেষ স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। জমা জল পরিষ্কার করা, ব্লিচিং ও মশার লার্ভানাশক তেল ছড়ানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে পুরসভার তরফে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে সচেতন থাকার এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আর্জি জানিয়েছে প্রশাসন, যাতে উৎসবের মরশুমের আগেই ডেঙ্গির গ্রাস থেকে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখা যায়।