খাস রাজধানীতে মর্মান্তিক পরিণতি! প্রতিবাদ করায় মণিপুরী সঙ্গীতশিল্পীকে পিটিয়ে খুন করল ডেলিভারি কর্মীরা

দেশের রাজধানীতে সুরের সাধক এক মণিপুরী সঙ্গীতশিল্পীর ওপর নেমে এল এক নৃশংস হামলা। বাড়ির সামনে মদ্যপান ও হুল্লোড় করার প্রতিবাদ করায় ৫৪ বছর বয়সি ওই শিল্পীকে বেধড়ক পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে কয়েকজন ডেলিভারি ও ধাবা কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনায় ইতিমধ্যেই সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রকাশ্য রাস্তায় এমন বর্বরোচিত হামলায় রাজধানী জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

ঠিক কী ঘটেছিল দিল্লিতে?

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত শিল্পীর নাম সি বিক্রম সিং। আদি বাড়ি মণিপুরে হলেও, সঙ্গীতচর্চার টানেই গত কয়েক বছর ধরে তিনি দিল্লির কিলোকারি গ্রামে বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর বাড়ির নিচেই একদল যুবক ও ধাবার কর্মীরা মদ্যপান করে তীব্র চিৎকার-চেঁচামেচি করছিল। সেই গোলোযোগের শব্দ পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন বিক্রম সিং এবং এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদ করা মাত্রই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওই শিল্পীর ওপর চড়াও হয় এবং তাঁকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে। হামলায় গুরুতর আহত হন ওই মণিপুরী শিল্পী। ঘটনার খবর পেয়ে বিক্রমের ছেলে দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ ও শোকের আবহ

এই ঘটনায় সানলাইট কলোনি থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে ঘটনায় জড়িত মোট সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যারা সকলেই বিভিন্ন খাবারের দোকান ও ধাবার সঙ্গে যুক্ত। মেইতেই গোষ্ঠীর বিশিষ্ট এই শিল্পীর আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবরে দিল্লির মণিপুরী ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি, এই ঘটনায় যুক্ত সকল অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *