হিমালয় থেকে সুন্দরবন— বাংলার পর্যটনে বিরাট বদল! মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে এল নতুন চমক

হিমালয়ের চূড়া থেকে শুরু করে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, কিংবা চা-বাগানের সবুজ চাদর থেকে গঙ্গার বুক— বাংলার এই অসীম ও বৈচিত্র্যময় সৌন্দর্যকে এবার বিশ্বমঞ্চে এক সম্পূর্ণ নতুন মোড়কে তুলে ধরতে উদ্যোগী হলো রাজ্য সরকার। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বাংলার পর্যটনের নতুন লোগো এবং ব্র্যান্ড।

রাজ্যের এই নতুন পর্যটন ব্র্যান্ডের আকর্ষণীয় ট্যাগলাইন দেওয়া হয়েছে— ‘ওয়েস্ট বেঙ্গল- ওয়্যার ইন্ডিয়া ফিলস ডিফারেন্ট’ (West Bengal- Where India Feels Different), যার অর্থ দাঁড়ায়— পশ্চিমবঙ্গ, যেখানে ভারতকে অন্যরকম মনে হয়। চিরাচরিত পর্যটনের ধারণার গণ্ডি পেরিয়ে বাংলার নিজস্ব সংস্কৃতি, আবেগ এবং মানুষের উষ্ণ আতিথেয়তাকে সামনে রেখে এই নতুন যাত্রার সূচনা করা হয়েছে।

বিশ্বমানের পর্যটনের রোডম্যাপ

এই মেগা লঞ্চের পরেই বাংলার পর্যটন শিল্পের ভবিষ্যৎ এবং এর নেপথ্য ভাবনা নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর কথায় স্পষ্ট, রাজ্য সরকার এবার পর্যটন শিল্পকে এক্কেবারে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “আমাদের এই নতুন ব্র্যান্ডটি তৈরি হয়েছে অত্যন্ত শক্তিশালী এক ভাবনার ওপর ভিত্তি করে। আমরা চাই পর্যটকরা বাংলায় এসে যেন সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হন। পর্বতশ্রেণি থেকে ম্যানগ্রোভ, কিংবা সমকালীন সৃজনশীলতা— সবকিছুর ওপরে রয়েছে আমাদের মানুষের উষ্ণতা ও স্বতঃস্ফূর্ত আতিথেয়তা। এই মানবিক সংযোগই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

লোগো এবং ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, “একটি ডেস্টিনেশন লোগো কেবল প্রতীক নয়, এটি একটি গন্তব্যের পরিচিত মুখ। এর মাধ্যমেই পর্যটকদের মনে কৌতূহল ও স্মরণযোগ্যতা তৈরি হয়। আমরা প্রচলিত প্রচারের গণ্ডি পেরিয়ে গ্লোবাল-স্ট্যান্ডার্ড পরিচিতি গড়ে তুলতে চাইছি।”

বাংলার পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

পর্যটকদের উদ্দেশে রাজ্যের বার্তা স্পষ্ট— শুধুমাত্র কয়েকটি দর্শনীয় স্থানের তালিকা নয়, বরং বাংলার সংস্কৃতির গভীরে প্রবেশ করতে এবং এখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্যই আমন্ত্রণ জানানো হচ্ছে। বর্তমান বিশ্ব পর্যটনের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এই আগ্রাসী পদক্ষেপ বাংলার পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *