‘ডিভিসি খুব ভালো কাজ করছে!’ বাঁধ ভাঙার জল্পনা উড়িয়ে বন্যা পরিস্থিতি নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

অতিরিক্ত বৃষ্টি এবং জলাধার বাঁচানোর তাগিদে এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার ফলে রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলেও ডিভিসির ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে এক উচ্চপর্যায়ী বৈঠকে বসে তিনি জানান, ডিভিসি অত্যন্ত ভালো কাজ করছে এবং এখনও পর্যন্ত একটিও বাঁধ ভাঙেনি। তবে হুগলি, হাওড়া এবং মালদার কিছু অঞ্চলে অতিরিক্ত জল জমা ও নদীভাঙনের জেরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সমস্ত এলাকার মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ, উদ্ধারকাজ এবং নিরাপদ আশ্রয়ের সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, গত দু’দিনে ডিভিসি এক লক্ষেরও বেশি পরিমাণ জল ছাড়তে বাধ্য হওয়ায় হুগলি গ্রামীণ এলাকায় তার প্রভাব পড়েছে। বিশেষ করে আরামবাগ মহকুমার সাতটি ব্লক এবং ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকা এই মুহূর্তে জলের তলায়। এর পাশাপাশি খানাকুল, জাঙ্গিপাড়া এবং গোঘাটের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার কিছু অংশেও জল ঢুকেছে বলে জানান তিনি। তবে তাঁর দাবি, এই মুহূর্তে বড় ধরনের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। বাঁধের ধারণক্ষমতার বাইরে জল চলে গেলে তা ছাড়তেই হয় উল্লেখ করে শুভেন্দু বলেন, অতীতে ২০-৩০ হাজার বা ৪০-৫০ হাজার কিউসেক জল ছাড়ার সময় বড় কোনো সমস্যা হয়নি, কিন্তু এক লক্ষ পার হওয়ার পরেই কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ডিভিসির কার্যপদ্ধতির প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, এই বছর এখনও পর্যন্ত ডিভিসির একটিও বাঁধ ভাঙেনি। অথচ অতীতে বর্ষার সময়ে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে পড়ার মতো গুরুতর পরিস্থিতি তৈরি হতো এবং বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দিতে হতো। অন্যদিকে, মালদার মানিকচকের ভূতনি এলাকার দীর্ঘমেয়াদী নদীভাঙন সমস্যা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি সামলাতে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু এবং স্থানীয় বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলকে ঘটনাস্থলে রাখা হয়েছে। পাশাপাশি এনডিআরএফ টিম মোতায়েন করা হলেও আপাতত দেশি নৌকোর সাহায্যেই জরুরি উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *