‘তদন্ত কীভাবে করাতে হয়, পর্ব শুরু!’ ঋতব্রতকে নিয়ে বড় দাবি কুণাল ঘোষের

তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার করা পুরনো অভিযোগ এবার নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক—এমনটাই দাবি করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার সমাজমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করে তিনি জানান, গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেই চিঠিতে ওই মহিলার অভিযোগের বিষয়টি যথাযথভাবে তদন্ত না হওয়ার প্রসঙ্গ তুলে ধরেছিলেন কুণাল।

কুণালের দাবি অনুযায়ী, তাঁর সেই চিঠির গুরুত্ব বিচার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু।’ শুধু তাই নয়, ওই মহিলার মৃত্যুর নেপথ্যে কোনো রহস্য রয়েছে কি না এবং তাঁর মৃত্যুর আসল কারণ কী, তা খুঁজে বের করতেও নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও কেন্দ্রের তরফ থেকে ঠিক কী নির্দেশ পাঠানো হয়েছে, তার বিশদ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে কুণালের শেয়ার করা চিঠির ছবি ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, অতীতে বালুরঘাটের ওই মহিলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেও সেই সময় বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হয়নি বলেই অভিযোগ কুণাল ঘোষের। সেই কারণেই তিনি গত ৩১ জুলাই সরাসরি অমিত শাহের দ্বারস্থ হন এবং অভিযোগের সমস্ত তথ্য, নথি ও ছবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠান। সেই আবেদনের ভিত্তিতেই এবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি এসেছে বলে তাঁর দাবি। এখন দেখার বিষয়, কেন্দ্রের এই নির্দেশের পর রাজ্য প্রশাসন বা সংশ্লিষ্টমহল এই পুরনো অভিযোগের ভিত্তিতে ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *