মেয়াদ শেষ ফায়ার সার্টিফিকেটের,অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ!

অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিল দমকল দফতর। ৯ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির ওই ভবনটির সপ্তম এবং অষ্টম তলাতেই অভিষেকের দফতর অবস্থিত। তবে সম্প্রতি ওই দু’টি তলা ভাড়া দিয়ে অফিস চালানোর কথা জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি ক্যামাক স্ট্রিটের ওই বাণিজ্যিক ভবনে অগ্নিসুরক্ষা সংক্রান্ত একটি অডিট চালায় দমকল দফতর। সেই পরিদর্শনেই একাধিক গুরুতর গাফিলতি ধরা পড়ে। দমকলের নথি অনুযায়ী, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালের ১০ অগাস্ট। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই শংসাপত্র আর নবীকরণ করা হয়নি। পরিদর্শনে আরও দেখা যায়, ভবনের ফায়ার অ্যালার্ম ব্যবস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে এবং অগ্নিনির্বাপণের জন্য নেই পর্যাপ্ত জলের ব্যবস্থাও। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে নিরাপদে বাইরে বেরিয়ে আসার পথগুলিতেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল বলে অভিযোগ।
দমকলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় ওই ভবনে উপস্থিত মানুষ এবং সম্পত্তির সুরক্ষার ওপর মারাত্মক বিপদ রয়েছে। সেই ঝুঁকির কথা মাথায় রেখেই অবিলম্বে ৬ ও ৭ তলা খালি করার নির্দেশ জারি করা হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সমস্ত আইনি নিয়ম মেনে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা এবং বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট পুনরায় হাতে না পাওয়া পর্যন্ত ভবনটির ওই তলাগুলি কোনোভাবেই ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দিন কয়েক আগেই এই ক্যামাক স্ট্রিটের অফিস ভবনেই তৃণমূলের হোর্ডিং খোলা কেন্দ্র করে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি পরবর্তীতে তাঁর অনুগামীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই সংক্রান্ত মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই রাজনৈতিক উত্তেজনার রেশ কাটতে না কাটতেই দমকল বিভাগের এই কড়া পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।