‘শালা, কী ছবি বানিয়েছিস তুই!’ মাঝরাতে সুভাষ ঘাইয়ের ফোনে চঞ্চল হয়ে উঠেছিল বলিউড, জন্মদিনে ফিরে দেখা স্মৃতির পাতা

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের জন্মদিনে নস্ট্যাসলিয়ায় ভাসল গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী নীতু কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি। ঋষি-নীতুর বহু পুরনো প্রেমের স্মৃতি এবং তাঁদের অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন রোম্যান্সের জাদুকরি দিনগুলি এক নিমেষে ফিরিয়ে এনেছে নস্ট্যালজিয়া।
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া রাজ কাপুরপুত্র ঋষি কাপুর ৭০ ও ৮০-র দশকে রুপালি পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন। শিশুশিল্পী হিসেবে ‘মেরা নাম জোকার’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করার পর ১৯৭৩ সালে ‘ববি’ ছবির হাত ধরে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর দীর্ঘ কেরিয়ারে কখনো রোম্যান্টিক হিরো আবার কখনো চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।
বিশেষ এই দিনে অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রবীণ পরিচালক সুভাষ ঘাই। ১৯৮০ সালের মিউজিক্যাল ব্লকবাস্টার ‘কর্জ’ ছবির একটি রোমাঞ্চকর স্মৃতির কথা শেয়ার করে তিনি জানান, ২০১০ সালের এক রাতে প্রায় আড়াইটের সময় তাঁর ফোন বেজে ওঠে। ওপার থেকে ঋষি কাপুর চিৎকার করে বলে ওঠেন, “শালা, কী ছবি বানিয়েছিস তুই!! এইমাত্র আবার দেখলাম। এখন তুই ঘুমা”—বলেই ফোন কেটে দেন। পরিচালক জানান, একমাত্র চিন্টুর পক্ষেই এমন পাগলামি করা সম্ভব ছিল। একইসঙ্গে নীতুর প্রশংসায় তিনি বলেন, একমাত্র নীতু কাপুরই ঋষি কাপুরকে ঠিকমতো সামলাতে পারতেন।
অভিনেতা জ্যাকি শ্রফও ঋষি কাপুরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। ‘কর্জ’ ছবির জনপ্রিয় গান ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ ব্যাকগ্রাউন্ডে রেখে তিনি একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। প্রয়াত অভিনেতার জন্মদিনটি আজও তাঁর অনুরাগীদের মনে গভীর দাগ কেটে চলেছে।