আমেরিকা-কানাডা পেরিয়ে বিলেতে চরম রাজনৈতিক উত্তাপ! শতবর্ষের উদযাপনে লন্ডন সফরে গিয়ে ঠিক কী বার্তা দিলেন আরএসএস প্রধান?

শতবর্ষে পা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের শতবর্ষ উদযাপন এবং আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক ও জনসংযোগ আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে বর্তমানে লন্ডন সফরে রয়েছেন আরএসএসের সরসংঘচালক ড. মোহন ভাগবত। আমেরিকা ও কানাডা সফর সফলভাবে সম্পন্ন করার পর, গত ২ সেপ্টেম্বর তিনি লন্ডনে পৌঁছান। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এই ব্রিটেন সফর ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, শতবর্ষ পূর্তি উপলক্ষে আরএসএস মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্বকে সামনে রেখে কাজ করছে। এগুলি হল—সামাজিক সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, পরিবেশ সংরক্ষণ, স্বনির্ভরতা এবং নাগরিক দায়িত্ববোধ। আর এই যাত্রার মূল ভাবনা হিসেবে বিশ্বজুড়ে প্রচার করা হচ্ছে ‘বসুধৈব কুটুম্বকম’ বা ‘সমস্ত বিশ্ব এক পরিবার’ এই বার্তাটি। ভারতীয় সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মেলবন্ধন আরও গভীর করাই এই আন্তর্জাতিক সফরের মূল লক্ষ্য।

লন্ডন সফরে এসে মোহন ভাগবত বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক এবং জনজীবনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। ইতিমধ্যেই তিনি উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাতা ব্রিটিশ আইলস গুরদ্বার পরিদর্শন করেছেন। পাশাপশি জৈন মন্দিরেও তাঁর যাওয়ার কথা রয়েছে। ব্রিটেনে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, শিখ ও মুসলিম প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলাপচারিতার কথা রয়েছে। বিশেষ করে আগামী ৬ সেপ্টেম্বর লন্ডনে ‘Celebration of Oneness’ শীর্ষক একটি বিশেষ কমিউনিটি ও সভ্যতাভিত্তিক আলাপ-আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর, যেখানে ব্রিটেনের ৩১০টিরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

তবে মোহন ভাগবতের এই ব্রিটেন সফর ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। তাঁর কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়ে কিছু সংগঠন লন্ডনের মেয়র সাদিক খানের কাছে অনুষ্ঠান বাতিলের আবেদন জানিয়েছে। অন্যদিকে, শতাধিক ব্রিটিশ হিন্দু ও কমিউনিটি সংগঠন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। আরএসএস স্পষ্ট করে জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য কোনও রাজনৈতিক প্রচার নয়, বরং সুদৃঢ় সামাজিক সম্প্রীতি এবং আন্তঃসাংস্কৃতিক জনযোগাযোগ গড়ে তোলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *