এসে গেল বহুল প্রতীক্ষিত মহিন্দ্রা স্করপিও এন-এর ফেসলিফ্ট! প্যানোরামিক সানরুফ ও ৫৪০ ডিগ্রি ক্যামেরা সহ নতুন মডেলের তাকলাগানো দাম কত?

গাড়িপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন মহিন্দ্রা স্করপিও এন-এর ফেসলিফ্ট মডেল। এসইউভি বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে এবং ক্রেতাদের আধুনিক সব সুবিধার চাহিদা মেটাতে একগুচ্ছ আকর্ষণীয় আপডেট নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই গাড়িটি। নতুন স্করপিও এন-এর প্রারম্ভিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২৫.৪০ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।
নতুন মডেলের কেবিনে আনা হয়েছে সবচেয়ে বড় ও চমকপ্রদ পরিবর্তন। এবার গাড়িটিতে যুক্ত হয়েছে ১২.৩ ইঞ্চির বড় এইচডি টাচস্ক্রিন এবং ২৬.০৩ সেন্টিমিটারের এইচডি ডিজিটাল ক্লাস্টার। ড্রাইভারের সুবিধার জন্য ডিজিটাল ক্লাস্টারে ফুল স্ক্রিন নেভিগেশনের পাশাপাশি নরমাল, ইনফরমেশন এবং মিনিমাল—এই তিন ধরনের ডিসপ্লে লেআউটের সুবিধা রাখা হয়েছে।
নিরাপত্তা ও প্রযুক্তির দিক থেকেও গাড়িটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে মাহিন্দ্রা। নতুন মডেলে সংযোজিত হয়েছে প্যানোরামিক সানরুফ, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং ৫৪০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে ব্লাইন্ড ভিউ ক্যামেরা। এর ফলে পার্কিং করা বা সংকীর্ণ রাস্তায় গাড়ি ঘোরানো আগের তুলনায় অনেক বেশি সহজ হবে। পাশাপাশি দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে রয়েছে ভেন্টিলেটেড সিট, ১২টি স্পিকারযুক্ত সনির প্রিমিয়াম অডিও সিস্টেম, অটো ডিমিং আইআরভিএম এবং ৬-ওয়ে পাওয়ারড ড্রাইভার সিট। অফ-রোড ড্রাইভিংপ্রেমীদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার স্ট্যাটিসটিক্স, যার মাধ্যমে ইঞ্জিন পারফরম্যান্স, কম্পাস এবং জি-ফোর্সের মতো নানা জরুরি তথ্য সহজে দেখা সম্ভব।
নতুন মডেলে লেভেল ২ অ্যাডাস (ADAS) প্রযুক্তি যুক্ত হওয়ায় সুরক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। Z2, Z4, Z6, Z8, Z8S, Z8T এবং L—এই কটি ভ্যারিয়েন্টে গাড়িটি উপলব্ধ হবে। ৬ ও ৭ সিটার—উভয় সংস্করণেই অ্যাডাস-এর বিকল্প রাখা হয়েছে। গাড়ির বাহ্যিক নকশায় বড় কোনো পরিবর্তন না আনা হলেও নতুন ১৮ ইঞ্চির অ্যালয় হুইল এর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাজারে থাকা অন্যান্য হেভিওয়েট এসইউভিগুলিকে কড়া টক্কর দিতে এই মেগা আপডেট যে দারুণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।