Mithun Chakraborty: টলিউডের ‘মহাগুরু’ এবার রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা! মহানায়কের জন্মবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সাংস্কৃতিক আবহে এবার পাকাপাকিভাবে যুক্ত হতে চলেছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। টলিউডের ‘মহাগুরু’কে রাজ্য সরকারের নতুন সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নিউটাউনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন নিউটাউনে প্রস্তাবিত ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস ও ভূমিপুজো সম্পন্ন হয়। সেই মঞ্চ থেকেই বর্ষীয়ান এই অভিনেতার কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দেওয়ার কথা ঘোষণা করে প্রশাসন।

তারকাখচিত উপদেষ্টা কমিটি

উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই উৎসবের রূপরেখা তৈরি এবং পরিচালনার জন্য আগেই একটি উচ্চপর্যায়ের বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক পদে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেই সহ-পৃষ্ঠপোষকের দায়িত্ব সামলাবেন মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রবীণ পরিচালক সন্দীপ রায় এবং কার্যকরী সভাপতি হিসেবে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া টলিউডের একাধিক পরিচিত মুখ যেমন দেব, জিৎ, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়দের নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ চাঁদের হাট।

টলিউডের উন্নয়নে বড় প্রতিশ্রম্নতি

এদিন অনুষ্ঠান মঞ্চে বাংলার বিনোদন শিল্পের সার্বিক উন্নয়নের প্রসঙ্গও জোরালোভাবে উঠে আসে। বাংলায় শুটিং করা ছবির জন্য প্রযোজকদের সুবিধার্থে ভর্তুকির প্রস্তাব দেন মিঠুন। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী জানান, টলিউডের স্বার্থে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য যা যা সাহায্য প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত। প্রয়োজনে বিধানসভায় আইন সংশোধন করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। মহাগুরুর এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে বাংলার চলচ্চিত্র শিল্প আগামী দিনে কতটা উপকৃত হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *